স্টাফ রিপোর্টার : শেরপুরে একদল দুর্বৃত্তের হাতে গণধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী। ২৬ জুলাই রবিবার সদর উপজেলার গাজীরখামার এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার শেরপুর জেলা সদর হাসপাতালে ধর্ষিতা কলেজছাত্রীর ডাক্তারি পরীা সম্পন্ন হয়েছে। পুলিশ ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াকুব আলী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
জানা যায়, ওই কলেজ ছাত্রী শেরপুর পৌর এলাকার ভাড়া বাসা থেকে রবিবার রাত ৮টার দিকে ভাগ্নেকে সঙ্গে নিয়ে বই কিনতে শহরে বের হয়। বই কিনে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত পাকুরিয়া ইউনিয়নের গণইবরুয়া গ্রামের চাঁন মিয়া (৩৫), নডু শেখ (২০) ও শামীম তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শহরের গোয়ালপট্টি থেকে অটোরিক্সায় তুলে নেয়। অটোরিক্সাটি শহরের এটিআই তিন রাস্তার মোড়ে পৌঁছার পর একই ইউনিয়নের চকপাড়া গ্রামের সোহাগ মিয়া (২০), ইয়াকুব আলী (২১) ও রসুল মিয়া (২২) দুইটি মোটর সাইকেল নিয়ে ওই অটোরিক্সার গতিরোধ করে। সেখান থেকে পরের ৩ যুবক মেয়েটিকে তুলে গাজীরখামার এলাকার এক বাসায় নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ওই বাড়িতেই তাকে আটকে রাখে। খবর পেয়ে ওই কলেজছাত্রীর স্বজনরা রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ওই ঘটনায় মঙ্গলবার ধর্ষিতা কলেজছাত্রী বাদী ওই ৬ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় অপহরণ ও গণধর্ষণের একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এজাহারনামীয় ইয়াকুব আলীকে গ্রেফতার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইয়াকুব আলীকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।









