শ্যামলবাংলা স্পোর্টস : নিশ্চিত দুটি ক্যাচ মিস। ম্যাচ মিস সেখানেই শেষ হয়ে গেল কি না টেস্ট শেষে বলা যাবে। তবে, খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে বলা যায়, রানের পাহাড়ই গড়তে যাচ্ছে পাকিস্তান। মাত্র এক উইকেট হারিয়ে মিসবাহ-উল হকদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেট হারিয়ে ২২৭ রান। বাংলাদেশ থেকে পিছিয়ে মাত্র ১০৫ রান।
রীতিমত ওয়ানডে স্টাইলে ব্যাট করছে মোহাম্মদ হাফিজ আর আজহার আলিরা। ২২৭ রান তুলতে পাকিস্তান খেলেছে মাত্র ৫৮টি ওভার। সেঞ্চুরি করে ফেলেছেন মোহাম্মদ হাফিজ। দিন শেষে ১৩৭ রানে অপরাজিত থাকলেন হাফিজ। ফিফটি করার পর সেঞ্চুরির পথে রয়েছেন আজহার আলিও। তিনি অপরাজিত রয়েছেন ৬৫ রানে। পুরো দিনে বাংলাদেশের প্রাপ্তি শুধুমাত্র অভিষিক্ত সামি আসলামের উইকেটটিই।
ওয়ানডে আর টি২০’র মত যে টেস্ট সিরিজ হবে না সেটা আগে থেকেই ধারনা করা ছিল। খুলনা টেস্টে সেটারই প্রমান দেখা যাচ্ছে। দ্বিতীয় দিন শেষেই বাংলাদেশ আর পাকিস্তানের শক্তির পার্থক্যটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা করার পর দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে মাত্র ৭ রান যোগ করে শেষ দুই উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া যায়নি। দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিবকে হারায় বাংলাদেশ। ২৫ রান করে ফিরে যান আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা এই অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৬২ রানের চমৎকার একটি জুটি উপহার দেন মুশফিক। টেস্ট অভিষেকে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। আত্মবিশ্বাসী সব শট খেলা এই ব্যাটসম্যান অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। এক সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৫ রান। এরপর মাত্র ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোয় সাড়ে তিনশ’ রান পর্যন্তও যেতে পারেনি স্বাগতিকরা। হাফিজের বলে উড়িয়ে মারতে গিয়ে আসাদ শফিকের দারুণ ক্যাচে পরিণত হওয়া সৌম্য করেন ৩৩ রান। পরের ওভারে ফিরে যান মুশফিকও (৩২)। বাংলাদেশের অধিনায়ককে মিসবাহ-উল-হকের ক্যাচে পরিণত করেন ইয়াসির শাহ। নিজের পরের ওভারে আবার আঘাত হানেন ইয়াসির। এবার তাইজুলকে (১) বোল্ড করেন তিনি। ৮ উইকেটে ৩২৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর মাত্র ৩ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস। ৭ রান যোগ করতে শেষ দুই ব্যাটসম্যান শহীদ ও রুবেল হোসেনের উইকেট হারায় তারা। শুভাগত হোম চৌধুরী অপরাজিত থাকেন ১২ রানে।
তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২০ ওভারে ৩৩২ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯)
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৮ ওভারে ২২৭/১ (হাফিজ ১৩৭*, সামি ২০, আজহার ৬৫*; তাইজুল ১/৪৩)।









