ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কিষাণ-কিষাণীরা। চলতি ইরিবোরো মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১২ হাজার ৪শ’ হেক্টর জমি। অনুকুল আবহাওয়া থাকায় এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয় ১৩ হাজার ৯শ’ ২০ হেক্টর জমি। ধানের ফলনও হয়েছে বাম্পার। তবে ধান কাটার শুরুতেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। প্রতিজন শ্রমিকের মজুরী দিতে হচ্ছে কৃষকদের সাড়ে ৫শ’ টাকা থেকে ৬শ’ টাকা পর্যন্ত। বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে চিকন ৬শ’ ২০ টাকা, মোটা ৫শ’ টাকা দরে। কালবৈশাখী ঝড় ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে বহু কৃষকের পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এসব ধান কাটা জরুরী। কিন্তু শ্রমিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট, মজুরী বৃদ্ধি ও ধানের দাম কম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।









