ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ভূমিকম্প আতঙ্কে চার স্কুলছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। তবে এতে জেলার কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। শনিবার দুপুর ১২টা ১৭ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্প ২ মিনিট স্থায়ী হয়। ভূমিকম্প চলাকালীন সময়ে মানুষ আতঙ্কিত হয়ে দিগবিগিদ ছোটাছুটি করে। কম্পনের সময় অধিকাংশ মানুষের মাথা ঘুরেছে। অনেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হতে স্বজনদের কাছে মোবাইল ফোন করেন।

এসময় ভূকম্পন বলে চিৎকার দিয়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস ছেড়ে লোকজন রাস্তায় নেমে আসে। জেলার বিভিন্ন এলাকায় টিউবওয়েল থেকে পানি উঠতে দেখা গেছে। অধিকাংশ ঘর-বাড়ি, দোকান-পাট কেঁপে ওঠে। নদী ও পুকুরের পানিতে ব্যাপক ঢেউ দেখা যায়, অনেক এলাকায় পুকুর থেকে মাছ উপরে উঠে পড়ে। এছাড়া ঘরের সিলিং বন্ধ ফ্যান দুলতে শুরু করে। এসময় জেলার কালীগঞ্জ উপজেলার মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। এদের মধ্যে ২ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, ভূমিকম্প হয়েছে তবে কোনো প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝিনাইদহ জেলায় রিকটালস্কেল না থাকায় কত মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে তা বলা যাচ্ছে না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, পৃথিবী যখন কাঁপতে থাকে তখন আমরাও কাঁপতে থাকি। পরিবেশগত কারণে এটা হয়ে থাকে। এতে কোনো ক্ষতি হয় না। অনেকে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়ে জানান, যখন কাঁপতে থাকে তখন মানুষের মাথা ঘুরতে পারে তাতে মানব দেহের কোনো ক্ষতি হয়না।
ঝিনাইদহে ২ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২৩
ঝিনাইদহে নাশকতার আশঙ্কায় ২ বিএনপি নেতাসহ বিভিন্ন মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে সদর উপজেলার গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী ও কাঞ্চননগর এলাকা থেকে সদর থানা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলায় সদর থেকে আরও ৯ জন, শৈলকুপা থেকে ৫জন, কালীগঞ্জ থেকে ১ জন, হরিণাকু-ু থেকে ২ জন ও মহেশপুর থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহে মাংস ব্যবসায়ীর জরিমানা
নোংরা পরিবেশে পশু জবাই করার অপরাধে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারের মাংস ব্যবসায়ী রাজন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সকালে নতুন হাটখোলা বাজারে অভিযান চালায়। এসময় নোংরা পরিবেশে পশু জবাই করার অপরাধে ব্যবসায়ী রাজন মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ২০১ ধারা মোতাবেক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।




