শ্যামলবাংলা স্পোর্টস : জিম্বাবুয়েকে রেকর্ড ১২৪ রানে হারিয়ে দুই ম্যাচ হাত রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। ২৬ নভেম্বর বুধবার ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৯৮ রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে ৩৯.৫ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না জিম্বাবুয়ের। এমন পরিস্থিতিতে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের মত তৃতীয় ম্যাচেও ৪ উইকেটের দেখা পেলেন সিলেটের স্পিনার আরাফাত সানি। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার মাশরাফি এবং রুবেল হোসেন। একটি করে উইকেট নিলেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
মাশরাফির জোড়া আঘাতেই মূলত জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়ের শুরু। বাংলাদেশের ২৯৭ রানের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফি তোপের শিকার হয় সফরকারীরা। মাত্র ৬ বল খেলে দুটি বাউন্ডারিতে ৯ রান করা ভুসিমুজি সিবান্দাকে আর বিপজ্জনক হয়ে উঠতে দেননি বাংলাদেশ অধিনায়ক। মাশরাফির বাউন্সার পুল করতে গিয়ে আকাশে বল তুলে দেন সিবান্দা। লং লেগে অনেক দুর দৌড়ে গিয়ে বল তালুবন্দী করেন আরাফাত সানি। ফলে ৯ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। এরপর মাসাকাদজা পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তারপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন রুবেল। অষ্টম ওভারের শেষ বলে রুবেলের বলে ব্যাট চালিয়ে মাশরাফির হাতে তালুবন্দী হয়ে ফেরেন মারুমা। তৃতীয় উইকেটের পর ব্রেন্ডন টেলর আর সলোমন মিরে মিলে গড়েন ৪১ রানের জুটি। এই জুটির ওপরই কিছুটা ভরসা ছিল সফরকারীদের। কিন্তু সাকিব আল হাসান যখন স্বরূপে আভির্ভূত হন, তখন জিম্বাবুয়ে কেন আর কেউই তো দাঁড়াতে পারে না। পারেননি ব্রেন্ডন টেলরও। তবে তার আগেই জুটিতে ভাঙ্গন ধরান আরেক স্পিনার আরাফাত সানি। তার ঘুর্ণিতে ১২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান সলোমন মিরে। এর একটু পরই ব্রেন্ডন টেলরকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। ৪০ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক। তবে শেষ পর্যন্ত লড়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা। সঙ্গে নেন রেগিস চাকাভাকে। কিন্তু তার সঙ্গীই শেষ পর্যন্ত স্পিন ঘুর্ণির সামনে টিকতে না পেরে উইকেট বিলিয়ে দেন। দলের ১১৯ রানের মাথায় মাহমুদুল্লাহ রিয়াদের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন রেগিস চাকাভা। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন ৩৪ বলে ১৪ রান। পরে পেসার রুবেল হোসেনের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ২ রান করে ফিরে যান পিটার মুর। এরপর মাদজিবাকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন চিগুম্বুরা। ৩৬তম ওভারে এসে হঠাৎই ঝড় তোলেন আরাফাত সানি। পর পর দুই বলে ফিরিয়ে দেন মাদজিবা এবং পানিয়াঙ্গারাকে। শেষ উইকেট জুটিতেও ২০ রান তুলেছে চিগুম্বুরা এবং কামুনগোজি। সবশেষে সেই আরাফাত সানির ঘুর্ণির সামনেই উইকেট হারাতে হলো কামুনগোজিকে, ব্যাক্তিগত ৪ রানে। সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। বাংলাদেশ একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়। পেসার আল আমিনের জায়গায় দলে আসেন শফিউল ইসলাম। জিম্বাবুয়ের একাদশে এসেছে ৩টি পরিবর্তন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৭/৬ (তামিম ৪০, এনামুল ৯৫, মুমিনুল ১৫, সাকিব ৪০, মুশফিক ৩৩, মাহমুদুল্লাহ ৩৩*, সাব্বির ২২, মাশরাফি ২*; পানিয়াঙ্গারা ২/৫৪, মাসাকাদজা ১/২৫, কামুনগোজি ১/৪০, মাডজিভা ১/৬০)
জিম্বাবুয়ে: ৩৯.৫ ওভারে ১৭৩ (মাসাকাদজা ১২, সিবান্দা ৯, মারুমা ৮, টেইলর ২৮, মায়ার ১২, চাকাবভা ১৪, চিগুম্বুরা ৫৩*, মুর ২, মাডজিভা ১১, পানিয়াঙ্গারা ০, কামুনগোজি ৪; সানি ৪/২৭, রুবেল ২/২২, মাশরাফি ২/২৪, সাকিব ১/১৯, মাহমুদুল্লাহ ১/২৯)
ম্যান অব দি ম্যাচ : এনামুল হক বিজয়।




