মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম ওরফে স্বপন (৩৫) নামের এ ব্যক্তি উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দনারায়ণপুর গ্রামের নূরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কবিরাজীর কথায় বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারিত ২ ব্যক্তি তার বিরুদ্ধে নওগাঁ আদালতে পৃথক ২টি মামলা দায়ের করেন। এসব মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে এসআই আব্দুর রহমান জাহাঙ্গীরকে ১৮ নভেম্বর মঙ্গলবার তার বাড়ী থেকে গ্রেফতার করেন। কবিরাজি চিকিৎসার নামে প্রতারণা করে জাহাঙ্গীর একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন।




