বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হরতালে জামায়ত-শিবিরের কর্মিরা বিভিন্নস্থানে মিছিল,টায়ারে আগুন এবং সড়ক অবরোধ করেছে। এ সময় আজ শিবির কর্মীদের লক্ষ্য করে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা হয়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মিরা বগুড়া-নাটোর মহাসড়কের বেলাইল নামক স্থানে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঠিয়ারসেল ও শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পরপর ৪টি ককটেল ফাটায়।
পুলিশের ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম ইসলামীক নিউজকে জানান, শিবির কর্মিরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এসময় অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত শহরে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শহরে অল্প সংখ্যক রিক্্রা চলাচল করলেও ভারি যানচলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মার্কেটসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান।









