শ্যামলবাংলা ডেস্ক : প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৪ অক্টোবর শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নিউস্কাটন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বুড়িগঙ্গা নদীর তীরে বিনাস্মৃতি ঘাটে প্রথম প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর বাড়তে থাকে প্রতিমা নিয়ে আসা ট্রাকের সংখ্যা। এখানে শতাধিক ট্রাক, প্রতিমা নিয়ে উপস্থিত হয় দেবীর ভক্তরা।
বিকেল ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে আসা মহানগর সর্বজনীন পূজামণ্ডপের উদ্যোগে ৩৫টি ট্রাকের শোভাযাত্রা বুড়িগঙ্গার নদীর তীরে পৌঁছায়। এ ছাড়া নবাবপুর, মতিঝিল, কলাবাগান, মালিবাগ, গুলশান, বনানী, বাড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে আসতে দেখা যায়।
গত মঙ্গলবার ষষ্ঠীতে বোধনের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ ও বরণ পালা শেষে প্রাণ প্রতিষ্ঠিত করা হয়। দেবী থেকে মায়ে পরিণত হন দুর্গা। শুরু হয়ে যায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ষষ্ঠী থেকে ৫ দিনব্যাপী বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় উৎসব শেষ হলো আজ।









