তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : “ধর্ম যার যার, উৎসব সবার”- এই শ্লোগানটি সামনে রেখে সারাদেশের ন্যায় কালিয়াজুরীতে শারদীয়া দুর্গোৎসব ও ঈদ-উল-আজহা বিগত বছরের ন্যায় এবারও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে গত সোমবার রাত সাড়ে ৮টায় নগরীর কালিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালিয়াজুরীর সমাজ সর্দার ও পূজা কমিটি’র সাথে কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় কালিয়াজুরী সমাজের সর্দার মোঃ সরাফত আলী (মদন মিয়া)’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- কোতয়ালী মডেল থানা’র সেকেন্ড অফিসার সালাউদ্দিন আহমেদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালিয়াজুরী সমাজের সহযোগী সর্দার ও কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের ক্রাইম শাখা’র রির্ডার মোঃ এনামুল হক হিরা, কালিয়াজুরী দূর্গা পূজা উদযাপন কমিটি’র সভাপতি নারায়ণ চন্দ্র শীল, সহযোগী সর্দার মোঃ আমির হোসেন, সহযোগী সর্দার মোঃ মনিরুল হক ভূঁইয়া (মনির ভূঁইয়া), সহযোগী সর্দার মোঃ মোতালেব হোসেন প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সরকার, কালিয়াজুরী দূর্গা পূজা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল, কোষাধ্যক্ষ সুজিত চন্দ্র শীল, নির্বাহী সদস্য প্রান্তোষ চন্দ্র শীলসহ অত্র সমাজের অন্যান্য সর্দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি খোরশেদ আলম বলেছেন- আসন্ন শারদীয়া দুর্গা উৎসব ও ঈদুল আযহায় যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, কালিয়াজুরীতে হযরত আইনুদ্দিন সাহেবের মাজার থাকায় কালিয়াজুরীবাসী গর্বিত ও ধন্য। সৃষ্টির সেবা জীব হচ্ছে মানুষ। কালিয়াজুরী’র দু’শতাধিক বছরের এ ধরনের সমাজ প্রথা সত্যি প্রশংসার দাবীদার। এ সমাজ ব্যবস্থা অনুকরণ করে অন্যান্য সমাজ থেকে অন্যায় ও অত্যাচার বদলে যাবে। তিনি বলেন- মাদক ও ইয়াবা সেবনকারী ও বিক্রেতা কাউকে ছাড় দেয়া হবে না। সন্ত্রাস দমনে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আশাকরি মাদক, ইয়াবা, ছিনতাই ও ডাকাতি একেবারে র্নিমূল না হলেও নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হবো। বর্তমানে নগরীতে পতিতাবৃত্তি বেড়ে গেছে। মাদক ও ইয়াবা বিক্রেতা এবং ছিনতাইকারী, ডাকাতের সাথে কোন আপোষ নয়। আমরা শহরের শাসনগাছা এলাকায় মাদকের আগ্রাসন সম্পূর্ণ র্নিমূল করতে সক্ষম হয়েছি। শাসনগাছা এলাকায় মাদকের সয়লাব এটা আর কেউ বলতে পারবে না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মাদক আমাদের যুব সমাজ ও মেধা শক্তিকে শেষ করে দিচ্ছে। আপনাদের সহযোগিতা পেলে মাদক ও ইয়াবা চিরতরে বন্ধ করতে সক্ষম হবো। তাই সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ভাড়াটিয়ার সাথে যেন কোন খারাপ চরিত্রের লোক আড্ডা করতে না পারে সেদিকে বাড়ির মালিকদের লক্ষ্য রাখতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন- শিক্ষার হার বৃদ্ধি নয়, শিক্ষিত ব্যক্তি খুঁজতে হবে। আর যোগ্য লোকের চেয়ার এ যেন অযোগ্য লোক বসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোমলমতি শিশুদেরকে যার যার ধর্ম অনুসারে ধর্মীয় অনুশাসনে উর্দ্ধুদ্ধ করে তুলতে হবে। তবেই তাঁরা তাঁদের কাংখিত লক্ষ্যে পৌঁছতে পারবে। তিনি আরও বলেন- কাজী নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেক গুনীজন সার্টিফিকেটে নয়, মেধায় শিক্ষিত ছিলেন। আমার চাওয়া-পাওয়া এবং হারানোর কিছুই নেই এখন শুধু মানুষের জন্য কিছু করতে চাই। ঐতিহ্যবাহী কালিয়াজুরী শীলবাড়ী’র শারদীয়া দূর্গা পূজায় যেন কোন ধরনের নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কালিয়াজুরী সমাজ এর সকল সর্দারকে প্রতিদিন শারদীয়া দুর্গোৎসব মনিটরিং করার আহবান জানান কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম।




