আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী পৌর শহরের ৩ নং ওয়ার্ড থেকে সোমবার সকালে অপহৃত শিশু ফাতিহা (৩) কে বিকেলে পটুয়াখালীর কলাতলা বাজার রোড থেকে আমতলী ও পটুয়াখালী পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অপহৃতার খালাতো ও অপহরণকারী বোন মরিয়ম (১৬) কে।

শিশুটির পিতা গোলাম রব্বানী জানান, সকাল ১০ টায় আমতলী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের তার শ্বশুরের বাসা থেকে চকলেট কেনার কথা বলে শিশু কন্যা ফাতিহাকে কোলে নিয়ে তার ভায়রার মেয়ে, উপজেলার খেকুয়ানী গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের কন্যা মরিয়ম আক্তার হলদি বের হয়ে যায়। পরবর্তীতে মরিয়ম তার তার নানীর মুঠোফোনে ফাতিহাকে অপহরণ করা হয়েছে বলে জানান এবং দেড় লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি আমতলী পৌরসভার মেয়র ও থানা পুলিশকে জানানো হলে পটুয়াখালী পুলিশের সহযোগিতায় তারা যৌথ অভিযানে নামেন এবং বিকেল সাড়ে ৪ টার সময় পটুয়াখালী শহরের কলাতলা রোডের পানির ট্যাংক এলাকা থেকে ও শিশুটিকে উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন জানান, শিশুটিকে তারা বাবা-মায়ের কাছে ফেরত দেয়া হয়েছে। শিশুটির খালাতো বোন অপহরণকারী মরিয়মকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




