চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রাম থেকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবীতে অপহৃত আব্দুল্লাহকে (৬) অপহরণের ৭২ ঘন্টার মধ্যে উদ্ধারসহ অপহরণকারী পিতা ও ২ পুত্রকে আটক করে রোববার রাত ৯ টার দিকে থানায় আনে দামুড়হুদা মডেল থানা পুলিশ। দামুড়হুদা মডেল থানার এস, আই তোবারক হোসেন নাটোরের লালপুর থানা পুলিশের সহযোগীতায় এদের আটক করতে সক্ষম হয়।
এর আগে রোববার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ নাটোরের লালপুর থানা পুলিশের সহযোগীতায় অপহৃত শিশুসহ অপহরণকারী রাজশাহী জেলার বাঘা উপজেলার বাউশা গ্রামের মৃত. রইস উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৫৫) ও তার দু’ছেলে জয় (১৪) এবং জনিকে (১১) হাতেনাতে নাটরের লালপুর উপজেলার পদ্মা নদীর চর দুপদুপিয়া গ্রাম থেকে আটক করে। শিশু আব্দুল্লাহকে অপহরণ করার পর দফায় দফায় মোবাইলফোনে তার মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবী করে আসছিল মকবুল হোসেন।

অপহরণকারীদের আটক ও অপহৃত শিশুকে উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার শতশত মানুষ তাদেরকে এক নজর দেখার জন্য রাতে থানায় ভিড় জমায়। এলাকাবাসীকে সামাল দিতে পুলিশকে অনেকটাই বেগ পেতে হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, এক বছর আগে রাজশাহী বাঘা উপজেলার বাউশা গ্রামের মৃত. রইস উদ্দিনের ছেলে মকবুল হোসেন তার দু’ নাবালক ছেলে জয় (১৪) ও জনিকে (১১) সঙ্গে নিয়ে কোষাঘাটা গ্রামে এসে আশ্রয় নেয়। তারপর সে গ্রামের লোকজনের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে।

গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে মকবুল হোসেন তার দু’ ছেলেকে সাথে নিয়ে প্রতিবেশী কোষাঘাটা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল্লাহকে মেহেরপুর জেলার মুজিবনগর বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর মকবুল না ফিরে এসে নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চর দুপদুপিয়া গ্রামে আব্দুল্লাহাকে আটক করে রাখে। সেখান থেকে মোবাইল আব্দুল্লার পিতা খালেকের কাছে জানানো হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবী করে মকবুল।
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মী গ্রেফতার
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৮টা থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষদল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার কেদারগঞ্জ পাড়ার মোশাররফ হোসেনের ছেলে বিএনপি কর্মী সাহেব সিদ্দীক (২৪), কলেজপাড়ার মৃত খন্দকার শফিউদ্দীনের ছেলে লেবু (৩০), জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আহসান (৫০), মৃত আবু বকরের ছেলে নুরনবী (৪২), তার ভাই নুর হক (৩০), শিং নগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি (২২), মারুফদহ গ্রামের ইন্তাজ আলীর ছেলে রওশন আলী (৪২), বাকা মিনাজপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে ছাত্র শিবিরের জীবননগর উপজেলা সভাপতি মাহফুজুর রহমান (২৫), বালিহুদা গ্রামের আবুল হোসেনের ছেলে জামায়াত নেতা শাহিন রেজা (৩০) ও আলমডাঙ্গা উপজেলার মানিকনগর গ্রামের কোরবান আলীর ছেলে নুর ইসলাম (৩৪)।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, আটককৃতদের বিরুদ্ধে দর্শনা শিবিরকর্মী রফিকুল হত্যা, পুলিশের কাজে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।









