ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ভাংচুর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের রাসনগরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে অর্ধশতাধিক লোক জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। রাসনগরের মিলন কুমার সিংহা জানিয়েছেন, সরকারদলীয় স্থানীয় নুর মিয়া মেম্বার ও সবুজ মিয়ার নেতৃত্বে লোকজন মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও ব্যাপক ক্ষতি সাধন করে। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক পুলিশী ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল জানান, বনগাঁও গ্রামবাসী ও রাসনগর মন্দির কর্তৃপক্ষের মধ্যে ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মন্দিরে এ ধরনের হামলা কাম্য নয়। তিনি ঘটনার নিন্দা প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। ওসি শাহজালাল মুন্সি জানান, মন্দিরে হামলা বা লুটপাটের কোন ঘটনা ঘটেনি। নির্মাণাধিন দেয়াল ভেঙ্গে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




