পিরোজপুর প্রতিনিধি : বাল্যবিয়ে করায় বরের ৭ দিন জেল এবং কনের বাবার ১ হাজার টাকা জরিমানা করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মৃনাল কান্তি দে।

জানা গেছে, চিতলমারী উপজেলার শৈলদাহ গ্রামের লাল মিয়া শেখের ছেলে জুয়েল শেখ(২৬) বিয়ে করতে এসেছিলেন নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের আজিজ হাজরার মেয়ে লাকি আক্তার (১৪)। লাকি কবিরাজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। দুপুরে বরযাত্রী নিয়ে জুয়েল রুহিতলা গ্রামে হবু শশুর বাড়িতে আসেন। বিয়ের কাজও সম্পন্ন হয়। দুপুরের খাবারের সময় বিষয়টি জানতে পারেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে এবং থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। তারা ঘটনাস্থলে রওয়ানা হলে বিয়ে বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে বরযাত্রীরা পালিয়ে যেতে থাকে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে জানায়। সেখান থেকেও পুলিশ সড়কে ব্যারিকেট দেয়। বর ও বরযাত্রীরা দেখতে পান পিছনে পুলিশ সামনেও পুলিশ। তখন তারা এক বাড়িতে প্রবেশ করেন। পুলিশ সেখান থেকে বর জুয়েল শেখকে আটক করে। রাতে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট মৃনাল কান্তি দে বাল্য বিয়ে নিরোধ আইনের ১৯২৯ এর ৪ ধারা মোতাবেক বর জুয়েলকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও কনের বাবা আজিজ হাজরাকে ১ হাজার টাকা জরিমানা করেন। বরের বাসর ঘরে যাওয়ার পরিবর্তে হাজত বাস হওয়ার বিষয় নিয়ে এলাকায় বেশ মুখরোচক কথা উঠেছে। এ ব্যাপারে নাজিরপুরের একজন ম্যারেজ রেজিষ্ট্রার সাইফ উদ্দীন খোকন কাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাল্য বিয়ে রেজিষ্ট্রি করিনা। শুনেছি জুয়েল ও লাকির বিয়ে দু,দিন আগে রেজিষ্ট্রি করেছে চিতলমারী উপজেলার একজন কাজী।
দাতব্য চিকিৎসালয়ের সাইন বোর্ডের আড়ালে জামায়াত-শিবিরের অফিস
জিহাদি বই লিফলেট প্রচারপত্র উদ্ধার ॥ গ্রেফতার-১
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ শুক্রবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পুরাতন কাপুড়িয়া পট্টি মসজিদ সংলগ দাতব্য হোমিও চিকিৎসালয় ও ইসলামী সমাজ কল্যাণ সেন্টারে অভিযান চালিয়ে জিহাদী বই, সরকার বিরোধী লিফলেট, বই, সিডি, ২ সহস্রাধিক জামায়াতের সদস্য ফরম,আড়াই হাজার পিস বল পেন, চাঁদা আদায়ের রশিদ, পুরাতন ও নতুন নেতা কর্মীর তালিকা, ছবির এ্যালবাম রেজুলেশন বই উদ্ধার করে। সাইন বোর্ডের আড়ালে ওই দাতব্য চিকিৎলয়টি জামায়াত শিবিরের কার্যক্রম চালাচ্ছে। এসময় এনায়েত নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুরবুর রশিদ জানান, ওই অফিস থেকে সরকার বিরোধী লিফলেট, প্রচার পত্র, বই উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জিয়ানগরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ী আটক

পিরোজপুরের জিয়ানগরে জুয়ার আসর থেকে ৩ বিএনপি কর্মি সহ ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার উপজেলার বালিপাড়া বাজরের একটি ঘরে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৪ জুয়াড়ীকে আটক করেন। আটককৃতরা হলেন বালিপাড়া গ্রামের বিএনপি কর্মি মো: চুন্নু, ঢেবসাবুনিয়া গ্রামের হামেদ মাতুব্বর, স্থানীয় ইউপি সদস্য হারুন চৌকিদারের ছেলে বিএনপি কর্মি কামরুল ইসলাম এবং কেয়াবুনিয়া গ্রামের ফারুক হোসেন।









