চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর মোল্লাপাড়া থেকে ৪ টি শক্তিশালী তাজা বোমা সহ চরমপন্থীদলের সদস্য ইমরান (২২) কে আটক করেছে পুলিশ। আটককৃত ইমরান উপজেলার দলকালক্ষীপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে। ৭ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় বোমা গুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাত ৮ টায় দলকালক্ষীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়িতে বিস্ফোরিত বোমার আঘাতে আহত ইমরানকে আটক করে। তার স্বীকারোক্তী অনুযায়ী আজ রোববার বেলা ১১ টায় দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর মোল্লাপাড়াস্থ সুমনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৪ টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করে।
দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ইমরান চরমপন্থীদলের সক্রিয় সদস্য।
জীবননগরে ফেনসিডিল সহ আটক ১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিল সহ আনারুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত আনারুল ইসলাম উপজেলার গয়েশপুর গ্রামের ফরমান মন্ডলের ছেলে। ৭ সেপ্টেম্বর রবিবার ভোর ৫ টার দিকে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার ভোরে জীবননগর থানার ওসি হুমায়ন কবিরের নির্দেশে এস আই লুৎফুন কবির সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মেদেনীপুর সীমান্ত থেকে আনারুল ইসলামকে ১০০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
জীবননগর থানার ওসি হুমায়ন কবির জানান, আটককৃত আনারুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
চুয়াডাঙ্গায় গাজা, মদ ও ফেনসিডিল সহ আটক ২

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ২০০ গ্রাম গাজা, ১২০ বোতল ভারতীয় মদ, ২৯২ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিচ টিভির ফিল্ম রেজিষ্টার সহ ২ জন চোরাচালানীকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
পুলিশ ও বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নির্দেশে একদল পুলিশ দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আশকার আলীর ছেলে শহিদ (৩৫) ও আলমডাঙ্গা উপজেলা নওদা বন্ডবিলা গ্রামের মফিজুলের ছেলে আজিজুর রহমান (৩৫) কে ২০০ গ্রাম গাজা সহ আটক করে।
এছাড়া, একই দিন চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আনোয়ার জাহিদের নেতৃত্বে সুবেদার মহসিন আলী, হাবিলদার আব্দুর রহমান, আলী আকবার ও আকরাম আলী সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলার শিংনগর, সন্তোষপুর, নতুনপাড়া ও দামুড়হুদা উপজেলার নাস্তিপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল মদ, ২৯২ বোতল ফেনসিডিল ও ৩ হাজার পিচ টিভির ফিল্ম রেজিষ্টার আটক করে।
মহিলা সহ আটক ১৬
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলা সহ ১৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন্ এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা শহরের সবুজপাড়ার তমার ছেলে রাকিব (২২), পৌরসভা পাড়ার জানু মন্ডলের ছেলে নয়ন (২৭), শান্তিপাড়ার শহিদের ছেলে জাহিদ (২৯), জাফরপুর গ্রামের চাঁদ আলীর ছেলে রাজিব (৩৬), দিঘরী গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের (৩৮), দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকতার হোসেন (৩২), রবিউল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪), জয়রামপুর গ্রামের আজগার আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ফকির মোহাম্মদের ছেলে মোশাররফ হোসেন (২৩), আশরাফুল ইসলামের ছেলে কাজল (২৭), লোকনাথপুর গ্রামের নিতাইয়ের স্ত্রী পারুল (৩০), শহরের ব্রীজ পাড়ার আব্দুল মান্নানের ছেলে সাজাহান আলী (৩৮), পোতারপাড়া গ্রামের একলাস আলীর ছেলে সেলিম (২৫), দর্শনা পুরাতন বাজারের আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৪), জীবননগর উপজেলার তেতুলিয়া গ্রামের খাজা আহম্মদ আলীর ছেলে হাসিবুল (২৮) ও আলমডাঙ্গা উপজেলা শহরের রেল ষ্টেশন পাড়ার নুরুল ইসলামের ছেলে আব্দুর রউফ (৪০) কে আটক করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি এবং একই সাথে দেওয়ানী মামলা রয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৪ বর্গাচাষির ৭ বিঘা জমির ফলন্ত ঝিঙার ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা
চুয়াডাঙ্গার দামুড়হুদার নতুন বাস্তপুরের ৪ বর্গাচাষির ৭ বিঘা জমির ফলন্ত ঝিঙার ক্ষেত দূর্বৃত্তরা কেটে দিয়েছে। শনিবার দিনগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটায় তারা। এ ঘটনায় প্রায় ৭লাখ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, নতুন বাস্তপুর গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুল কাদেও, ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন, সুরত ম-লের ছেলে মহিদুল ইসলাম, মৃত. গোপাল গাজির ছেলে ইউনিুস গাজি। ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, ‘আমরা ঢাকার ব্যাপারীদের কাছ থেকে ঋণ নিয়ে শিমুল তলার মাঠে ৭বিঘা জমি লিজ নিয়ে ঝিঙার আবাদ করেছি। এতে ফলনও হয়েছে ভালো। উৎপাদিত এই ঝিঙা ঋণ দেয়া ব্যাপারীদের কাছেই আমরা বিক্রি করি। ঢাকা পাঠানোর জন্য গতকাল শনিবার সন্ধ্যায় খাবার উপযোগী ঝিঙা ভাঙা হয়েছে। এই মরসুমে বিঘা প্রতি এখন একলাখ টাকা করে ঝিঙা বিক্রি করা যেত। অথচ আজ সকালে মাঠে গিয়ে দেখি সব গাছ কে বা কারা কেটে দিয়েছে। এখন আমরা ব্যাপারীর ঋণ কোথা থেকে পরিশোধ করবো? আর নিজেরা চালাবো কি করে?’
এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদেরা ভালো মানুষ। তাদের সাথে এলাকার কারো কোন শত্রুতা নেই। বর্গাচাষিদের আরও একটি গ্রুপ আছে যারা ক্ষতিগ্রস্ত গ্রুপের মত ঢাকায় ব্যাপারীদের কাছে মাল পাঠায়। ধরণা করা হচ্ছে তাদের ফসল ভালো না হওয়ায় তারাই এ ঘটনা ঘটিয়েছে।









