ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর বিষখালী নদীতে গতকাল গভীর রাতের আকস্মীক ভাঙ্গনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান, কালবার্ড ও বাজার রক্ষার এলজিইডির পাকা সড়কটি বিলীন হয়ে গেছে। কয়েকদিনের এ ভাঙ্গনে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, গত রাতের আকস্মীক ভাঙ্গনে বাদুরতলা বাজারের মন্নান হোসেনের ফার্মেসী, ওহাব মিয়ার ফার্নিচারের দোকান, স্ব-মিল, বাজার সংলগ্ন কালবোর্ড ও বাজারের এলজিইডির পাকা সড়কটি বিলীন হয়ে গেছে। জানা গেছে, এ পর্যন্ত উপজেলার বিষখালি নদী তীরবর্তী বহু গ্রাম এবং প্রায় দেড় হাজার বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিগত দিনে সরকার এ ভাঙ্গন রোধের প্রতিশ্র“তি দিলেও ভাঙ্গনকুল সর্বহারা মানুষগুলো বাস্তবে কোনকিছুই পায়নি। তাই প্রতিনিয়ত ভেঙ্গেই যাচ্ছে গ্রামের পর গ্রাম। গত দুদিনে ধরে বিষখালি নদীর তীরবর্তী মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা হাট, মানকি সুন্দর ও নাপিতেরহাট এলাকায় আকস্মিক ভাঙ্গন শুরু হয়েছে। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের হিসেব মতে, এ পর্যন বাদুরতলা বাজারের ১৪টি, নাপিতেরহাট এলাকার ২টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও মানকি সুন্দরের ১টি বসতঘর এবং গাছপালা ধসে নদীতে ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এ ভাঙ্গনের ঘটনায় আতঙ্কিত এবং দিশেহারা হয়ে পড়েছে শত শত নিঃস্ব অসহায় পরিবার। ঘরবাড়ি সরিয়ে নেয়ারও সময় পাচ্ছেনা অনেকে। ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন এখনপর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বিষখালীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা জানান, কয়েকদিন থেকে আকস্মিক ভাঙ্গন শুরু হয়েছে। আমরা হঠাৎ এ ভাঙ্গনে হতভম্ব হয়ে পরি। দিকবিদিক ছুটো ছুটি করতে থাকি। বিশেষ করে শিশু ও মহিলারা বেশী আতঙ্কিত হয়ে পড়ে। তাদের নিরাপদ স্থানে নিয়ে রেখে আসার আগেই নদীতে ভেঙ্গে পড়ে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও গাছপালা। রাতে এ ভাঙ্গনের তীব্রতা আরো বেশী হওয়ায় কেহই ঘরে ঘুমাতে পারছেন না। এ ভাঙ্গন রোধে দ্রুত কোন কার্যকারি ব্যবস্থা না নিলে যে কোন মূহুর্তে কয়েক মাইলের বাড়িঘর আবাদি জমি নদীতে ধসে পড়বে। এ ছাড়াও উপজেলার নাপিতেরহাট, মঠবাড়ি, সুন্দর, বাদুরতলা, চল্লিশ কাহনিয়া, উত্তর পালট গ্রামের প্রায় ৫ শত পরিবার হুমকির মুখে রয়েছে। বর্তমানে বাদুরতলা লঞ্চঘাটটি ভেঙ্গে যাওয়া লঞ্চ তীরে ভিরতে পারছে না। এ বিষয়ে ইউএনও মাহবুবা আক্তার বলেন, আমি খোঁজ নিয়ে দেখে দ্রুত ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।










