শ্যামলবাংলা ডেস্ক : গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের বিধিমালা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ওই কথা জানান। এসময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের আওতায় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের যে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার বিধিমালা পরিবর্তন করা হবে।
মন্ত্রী বলেন, দু’এক দিনের মধ্যে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংককে এ দায়িত্ব দেয়া হলেও তারা নিয়ন্ত্রক সংস্থা না হওয়ায় এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাচনের দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দেয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বাংলাদেশ ব্যাংক অপারগতা প্রকাশ করেছে তাই এ দায়িত্ব অন্য কাউকে দেয়া হবে।
জানা গেছে, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচনে বাংলাদেশ ব্যাংককে দায়িত্ব দেয়া হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে যে তারা এ দায়িত্ব পালন করতে পারবে না। বাংলাদেশ ব্যাংক অপারগতা প্রকাশ করায় এখন নীতিমালায় আরেকদফা পরিবর্তন আনা হচ্ছে।









