ইয়ানুর রহমান, যশোর : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, বেনাপোল পৌরসভার তালশাড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে বাক্কা (৩৪), ভবারবেড় গ্রামের আব্দুল খালেকের ছেলে আওয়াল (৩৮), শেখ শাহাজানের ছেলে চঞ্চল (৪৩), রুস্তম আলীর ছেলে মতিন (৪০), ওজিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৭), সামসুর রহমানের ছেলে আলমগীর (২৯) ও নওশের আলীর ছেলে রুবেল (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রেফতার হওয়া আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পোর্ট থানার একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিতে এলাকা ছাড়া ছিলেন। বেনাপোল থানাধীন বিভিন্ন স্থানে তারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান এসব বিষয় নিশ্চিত করেছেন।
অস্ত্র ও গুলিসহ যুবক আটক
যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম রনি ওরফে বিষু (২৫)। সে শার্শা উপজেলার তিন নম্বর ঘিবা গ্রামের আসমত আলীর ছেলে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবুল আকতার জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরমুখি বাসে অস্ত্র বহন করছে এক যুবক এই গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অবস্থান নেয়। পুলিশ বিষুকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে একটি ৯এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। অস্ত্র-গুলি তার উরুতে বিশেষভাবে বাঁধা ছিল।
সে অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার বাবু নামে একজনের কাছে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। র্শাশা এলাকার রফিকুল নামে একজন দু’হাজার টাকা বিনিময়ে তাকে দিয়ে অস্ত্র ও গুলি নওয়াপাড়ায় পাঠাচ্ছিল।









