নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের মালিবাগ মোড়ে বিকাশকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৮ আগস্ট সোমবার বেলা ১১টার দিকে ওই ঘটনা ঘটে।
নড়াইল বিকাশ অফিস সূত্রে জানা গেছে, বিকাশকর্মী জিকো (২৬) সহ তার দুই সহকর্মী মোটরসাইকেলযোগে নড়াইল থেকে লোহাগড়া উপজেলায় যাওয়ার পথে মালিবাগ মোড়ে পৌঁছালে আরেকটি মোটরসাইকেল এসে বিকাশকর্মীদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় বিকাশকর্মী জিকোসহ তার দুই সহকর্মীকে মোটরসাইকেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ছিনতাইকারীরা। ধারালো অস্ত্র দিয়ে জিকোকে কুপিয়ে ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এ সময় আগ্নোয়াস্ত্র বের করে ভয় দেখায়। জিকো নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি নড়াইল শহরের মহিষখোলার মোশাররফ হোসেনের ছেলে। অন্য দুই বিকাশকর্মী সুস্থ আছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


নড়াইলে আহত যুবলীগ কর্মী শাহীন মারা গেছেন
প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম নড়াইলের যুবলীগকর্মী শাহিন (২৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে তিনি মারা যান।
অভিযোগ রয়েছে, দলীয় কোন্দলে গত ১৪ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে বরাশুলা এলাকায় শাহিনকে কুপিয়ে গুরুতর জখম করে দলীয় প্রতিপক্ষরা। প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী শাহীন মারা যান। শাহিন নড়াইল পৌর এলাকায় বরাশুলার নবীর হোসেনের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নড়াইলে ৬ গ্রামবাসীর মধ্যে সংষর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা, মামলা হয়নি
৮পুলিশসহ আহত-৩০, পুলিশের ১৩ রাউন্ড গুলি বর্ষণ
নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুরে ছয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আট পুলিশসহ ৩০ গ্রামবাসী কমবেশি আহত হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রোববার (১৭ আগস্ট) বিকেলে মিঠাপুর বাজারের আখ বিক্রি নিয়ে মিঠাপুর ও বিলডুমুরতলা গ্রামের দুই ব্যাক্তির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে নড়াইল সদর উপজেলার বিলডুমুরতলাসহ হাড়িগড়া ও বাগডাঙ্গা গ্রামবাসীর সাথে লোহাগড়া উপজেলার মিঠাপুর, নখখালী ও মশাখালী গ্রামবাসীর মধ্যে মিঠাপুর বাজারে সংঘর্ষ বেঁধে যায়। ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেলসহ দেশীয়অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব আলী, এএসআই বিজন, কনস্টেবল আবুল কাশেম, হান্নান ও মান্নান সহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এছাড়া দুই পক্ষের অন্তত ৩০ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে বিলডুমুরতলা গ্রামের জিন্নাহ মোল্যা (২৫), অহেদ মোল্যা (৫০), মহিবুর রহমান (৪৩), জাকির হোসেন (৪৫), শফিক (২৭), ফরিদ মিনা (৪৫), আনিচ (৩০), নাজমুল মোল্যা (২৫), কোবাদ মোল্যা (৫৫), আল আমিন (২৫), কবিরকে (২৭) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিঠাপুর গ্রামের আলিম মিনা (২৫), বারিক মিনা (২১), ওদুদ মোল্যা (৩০), কাইয়ুম ফকির (২০), ক্ষুররম ফকির (২৮), রকিব মোল্যা (২৮), নয়ন মোল্যা (২০), সুজন মোল্যা (২০), নান্নু মোল্যা (২৫), নাজমুল মোল্যা (২৮), সাবু মোল্যা (২৮) ও নখখালী গ্রামের ইছরাফিল শরীফ (৪৫) আহত হয়। অধিকাংশই স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আয়ুব আলী জানান, সংঘর্ষ ঠেকাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে কনস্টেবল আবুল কাশেমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৩ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করা হয়।









