হাকিম বাবুল, শেরপুর : গুটি ইউরিয়া ব্যবহারে ফসলের ফলন শতকরা ২০/২৫ ভাগ বৃদ্ধি ছাড়াও কৃষকের উৎপাদন খরচ সাশ্রয় হয়। এতে কৃষকের আয় বৃদ্ধি পায়। এক হেক্টর জমিতে গুড়া ইউরিয়ার চাইতে গুটি ইউরিয়া ব্যবহারে ধান আবাদে কৃষকের আয়ের পার্থক্য দাঁড়ায় প্রায় ১১ হাজার ৮০০ টাকা।

কেবল কৃষকরাই নয়, সার ব্যবসায়ীরাও ৫০ কেজির এক ব্যাগ গুড়া ইউরিয়া বিক্রী করে যেখানে লাভ করতে পারেন ১৫-২৫ টাকা। সেখানে গুটি ইউরিয়া ব্যবহারে নীট লাভ হয় বস্তাপ্রতি ৫০/৬০ টাকা। আর এনপিকে গুটি ব্যবহারে এই লাভ আসে বস্তা প্রতি প্রায় ৮০ টাকা। এজন্য অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় গুটি সার একটি লাভজনক ব্যবসা। সার ডিলার ও খুচরা বিক্রেতাদের এক প্রশিক্ষণ কর্মসূচীতে আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার (আইএফডিসি) কৃষি বিশেষজ্ঞরা তুলনামুলক পরিসংখ্যান তুলে ধরে এসব তথ্য জানান।
শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ১৩ আগস্ট বুধবার কৃষক পর্যায়ে গুটি ইউরিয়া ও এনপিকে গুটি বাজারজাতকরণের লক্ষ্যে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সহায়তায় কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি এ প্রশিক্ষণের আয়োজন করে।
খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ এতে সভাপতিত্ব করেন। আইএফডিসির সিনিয়র কৃষি বিশেষজ্ঞ ড. মফিজ উদ্দিন প্রধান অতিথি ও বিএফএ পরিচালক এসএম বাবুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন আপি প্রকল্পের প্রশিক্সণ বিশেষজ্ঞ আবুল হোসেন মোল্লা, আল মোবাশ্বের হোসেন। এ প্রশিক্ষণে সদর উপজেলার ৬০ জন সার ডিলার ও খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।









