নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় মোটর সাইকেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলদহর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিলদহর বাজারে ভাড়ায় চালিত মোটর সাইকেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষক আলহাজ্ব আবুল হোসেন ও টেম্পু চালক সাদ্দাত হোসেন এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের কমপক্ষের ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। আহতরা হলো দড়ি মহিষমারী গ্রামের নজরুল (২৭), সাইফুল ইসলাম (২২), আকলিমা (৩২), রফিক (২২), নওশাদ (৩৫), মহন (২২), মমিন (৩২), সাদ্দাত (৩০)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এবিষয়ে স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




