এম,লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদী তথা দেশে বহুল আলোচিত সব্জী লম্বা বেগুনের দাম কমতে শুরু করেছে। রমজানের শুরুতে বৃদ্ধি পাওয়া বেগুনের অস্বাভাবিক মূল্য এখন অস্বাভাবিক ভাবেই কমে যাচ্ছে। রোজার প্রথম ১০ দিন ১ কেজি বেগুন বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা। সেই লম্বা বেগুন এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৬০ টাকা দরে। তবে রাজধানী ঢাকার বাজারের সাথে উত্পাদক জেলা নরসিংদীর বাজার মূল্যে এখনো অনেক তফাৎ। ঢাকা শহরের বাজারগুলোতে এখনো ১ কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। ফড়িয়ারা ঢাকার কোন কোন বাজারে এখনো ধনাঢ্য গ্রাহকদের নিকট থেকে কেজি প্রতি ১০০ টাকাই আদায় করে নিচ্ছে। বাজারে বেগুনের মূল্যের এই অস্বাভাবিক হ্রাস-বৃদ্ধির ব্যাপারে ইনকিলাব কয়েকজন কৃষি কর্মকর্তা, বেগুন চাষী, পাইকারী ও খুচরা বিক্রেতা এবং কয়েকজন গ্রহকের সাথে কথা বলেছে। কৃষি কর্মকর্তাগন জানিয়েছেন, দেশে খরিপ মৌসুমে ১২ হাজার হেক্টর জমিতে বেগুনের চাষাবাদ হয়। অস্বাভাবিক বা একটানা বৃষ্টিপাত না হলে উত্পাদন হয় কম-বেশী ৭০ হাজার টন বেগুন। এ বছর রোজার প্রারম্ভে প্রায় পহ্মকালের একটানা বৃষ্টির কারনে বেগুনহ্মেতগুলো নষ্ট হয়ে যায়। ফলে বেগুনের উত্পাদন অনেকাংশে কমে যায়। এর উপর রোজার মাসে বেগুনের বহুবিধ ব্যবহারের কারনে এর চাহিদাও বেড়ে যায় দ্বিগুন। আর এ সুযোগ নিয়েই মধ্যস্বত্তভোগী ফড়িয়ারা বেগুনের বাজার একচেটিয়া দখল করে একচেটিয়া ব্যবসা করে সাধারন গ্রাহকদের নিকট থেকে লুটে নেয় লাখ লাখ টাকা। বেগুন চাষীরা জানিয়েছে, বেগুন গাছে পোকার আক্রমন হয় সবচে বেশী। আতিবৃষ্টি বা একটানা বৃষ্টি হলে বেগুন গাছে পোকার আক্রমন আরো ব্যাপক আকার ধারন করে। এ বছর রোজার পূর্বেই একটানা বৃষ্টিপাতের কারনে অধিকাংশ বেগুন গাছ কাঁদাচিপা লেগে মরে যায়, এর উপর পোকার আক্রমনে বেগুন গাছে ফুল ও ফল কোকড়া লেগে বিনষ্ট হয়ে যায়। যার ফলে বেগুন উত্পাদন চাহিদার তুলনায় একেবারেই কমে যায়। এই সুযোগ নিয়ে পাইকারী ব্যবসায়ী ও চাটাইধারী ফড়িয়ারা বেগুন নিয়ে মনোপলি ব্যবসা করে নেয়। রোজার ১০ দিন পর থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় বেগুন হ্মেতে নতুন ডালপালা গজিয়ে নতুন বেগুন ধরতে শুরু করেছে। বেগুন অতি দ্রুত বর্ধনশীল সব্জী বিধায় সপ্তাহকালের ব্যবধানেই নতুন বেগুন বাজারে উঠতে শুরু করেছে। চাষীরা জানিয়েছে, দিন ভাল থাকলে লাগাতার বৃষ্টি না হলে আগামী কয়েকদিনের মধ্যে বেগুনের মূল্য প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হবে। চাষীরা আরো জানিয়েছে, বেগুন গাছ পানিতে কাতর। কাঠাল গাছের মতই বেগুন গাছের গোড়ায় পানি জমলে বেগুন গাছ মরে যায়। নরসিংদী তথা দেশে খরিপ মৌসুমে বহু সংখ্যক দেশী জাতের বেগুনের চাষাবাদ হয়। যেগুলোর তালিকা কৃষি সম্প্রসারন অধিদপ্তর তথা কৃষি গবেষনা ইন্সটিটিউটেও আছে বলে জানা যায়নি। এসব দেশী জাতের বেগুনের মধ্যে এমন কিছু জাত আছে যেগুলোর উত্পাদন কম কিন্তু গাছ সহজে মরে না। এসব জাতের বেগুন উচ্চ ফলনশীল জাতে উন্নীত করতে পারলে প্রতি বছর বৃষ্টি বন্যা ও রোজার মৌসুমে বেগুনের মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে। পাইকারী ও খুচরা বেগুন ব্যবসায়ীরা জানিয়েছে, বাজারে নতুন বেগুনের আমদানী দিন দিন বেড়ে যাচ্ছে। বেগুন দ্রুত বর্ধনশীল বলে আমদানী হয় বেশী এবং দ্রুত পচনশীল বলে সংরহ্মনের অসুবিধায় বিক্রিও করতে হয় তাড়াতাড়ি। যার ফলে বেগুনের দাম দ্রুত কমে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে আরো আমদানী বাড়লে বেগুনের মূল্য আরো কমে যাবে।









