শ্যামলবাংলা স্পোর্টস : ফিফা বিশ্বকাপ ২০১৪ সালের গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি; গোল্ডেন বুট জিতেছেন কলম্বিয়ার বিস্ময় বালক হামেস রদ্রিগেস আর গোল্ডেন গ্লাভস জিতেছেন জার্মানীর গোলরক্ষক মানুয়েল নয়ার।

খুব কাছে এসেও বিশ্বকাপের সোনালি শিরোপাটা ছোঁয়া হলো না লিওনেল মেসির। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই উজ্জ্বল আর্জেন্টিনার এই তারকা। জাদুকরী ফুটবল খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ পুরস্কার জিতেছেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা। গ্রুপ পর্বের ৩ ম্যাচসহ বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও সেরা খেলোয়াড় হন মেসি। দলকে ফাইনালে তুলে আনতে চার গোল করেন টানা ৪ বারের ফিফা বর্ষসেরা এই তারকা। সঙ্গে একটি গোলে সহায়তাও করেন। ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর এই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তিনি, কিন্তু পুরস্কারটি নেয়ার সময় মেসির চোখে মুখে ছিল হতাশা। তিনি আগেই বলেছিলেন, গোল্ডেন বল বা বুট নয়, চান বিশ্বকাপ শিরোপা।
ব্রাজিল বিশ্বকাপের আকাশে ধূমকেতুর মতো আবির্ভাব হামেস রদ্রিগেসের। কলম্বিয়া কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিলেও দলের সেরা খেলোয়াড়কে গোলসংখ্যায় ম্লান করতে পারেনি আর কেউই। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট তাই বিশ্বকাপের এই বিস্ময় তারকারই। ফাইনালে এক গোল পেলে টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি পেতে পারতেন জার্মানির টমাস মুলার। পারেননি তিনি, ৬ গোল করে সেরা গোলদাতার পুরস্কার পেলেন তাই কলম্বিয়ার প্লেমেকার। ৫টি গোলের সঙ্গে গোলে ৩টি সহায়তার জন্য সিলভার বুট পেয়েছেন মুলার।
ফাইনালে বলতে গেলে কোনো পরীক্ষাই দিতে হয়নি মানুয়েল নয়ারকে। তবে পুরো বিশ্বকাপ জুড়েই অসাধারণ সব সেভ করেছেন তিনি। বিশ্বকাপজয়ী অদম্য জার্মানির এই শেষ প্রহরীই হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলরক্ষক। বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারে পোশাকি নাম ‘অ্যাডিডাস গোল্ডেন গ্লাভ’। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত করে।




