তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঈদকে সামনে রেখে ছোট-বড় সব মার্কেটে চলছে বেচাকেনা। এর পাশাপাশি দখল হয়ে গেছে কুমিল্লা মহানগরীর ফুটপাতগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে, জমে উঠেছে ফুটপাতের বাজার। ক্ষুদ্র ব্যবসায়িরা বছরজুড়ে ফুটপাতে বেচাকেনা করলেও ঈদ উপলক্ষ্যে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু মৌসুমী হকারও। সেজন্য চাপও বাড়ছে ফুটপাতে। স্বল্প আয়ের মানুষ, যাদের অভিজাত শপিংমহল গুলোতে যাওয়ার সাধ্য নেই। কিন্তু কোন কোন সময় ফুটপাতে ভালো পণ্য পাওয়া যায় বলে উচ্চবিত্ত, মধ্যবিত্তরাও ভিড় জমান এসব মার্কেট গুলোতে। এছাড়া নগরীর মনোহরপুর, ছাতিপট্টি, ছকবাজার এলাকার আশপাশের রাস্তার পাশের ফুটপাতে টুপি থেকে শুরু করে ঈদের সব ধরনের কাপড় মিলছে। এখানে ডেকে ডেকে পাঞ্জাবি বিক্রি করছেন। একদাম ২’শ ৫০টাকা। ফুটপাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সুগন্ধিও।
কুমিল্লা ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি মোঃ হাসানুল আলম হাসান জানান- ঈদ যতই ঘনিয়ে আসছে বেচাকেনাও ততই বাড়ছে। ২০ রমজানের পর বেচাকেনা আরো বাড়বে বলে আশাবাদী তিনি। অপেক্ষাকৃত কম দামে ভালো জিনিস কিনতে চাকুরিজীবীরাও ছুটে আসছেন ফুটপাতের দোকানগুলোতে।
বেচাকেনা কেমন চলছে এমন প্রশ্নের জবাবে কুমিল্লা ছিন্নমূল হকার্স সমিতির সাবেক সভাপতি বাবুল হোসেন বলেন- মোটামুটি চলছে। তবে ২০রমজানের পরে বাড়তে পাড়তে পারে। তিনি ছেলেদের জিনস ও টি-শার্ট বিক্রি করছেন। বাবুল হোসেন সারা বছরই ব্যবসা করেন কান্দিরপাড় ফুটপাতে কিন্তু ঈদ উপলক্ষে অস্থায়ী দোকানে বেড়েছে কাপড়ের পরিমাণ।
কুমিল্লা ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন- ঈদকে কেন্দ্র করে নগরীর ফুটপাতের দোকানে পাওয়া যাচ্ছে জুতা থেকে শুরু করে বাহারি রং ও ডিজাইনের ফতুয়া আর স্টাইলিশ পাঞ্জাবিসহ নানা সামগ্রী। তা কিনছেন সব শ্রেণির মানুষ।
ফুটপাতের হকার আবুল হোসেন ও ইলিয়াছ মিয়া টাউন হল মাঠে অস্থায়ী মার্কেটের দোকান গুলোতে শিশু ও মেয়েদের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন। আবুল হোসেন বলেন, এখানে পোশাক-পরিচ্ছদ যে দামে বিক্রি হয় তা অন্যান্য বড় শপিংমলে বিক্রি হয় দ্বিগুন দামে। তাই অনেকেই ভিড় জমান ফুটপাতের দোকানে। ইলিয়াস মিয়া বলেন- নগরীর মার্কেটের দোকানের ভাড়া গুনতে হয় অনেক বেশি। ফুটপাতে তেমনটি নয়। তা ছাড়া আমরা সরাসরি বিভিন্ন গার্মেন্টস থেকে মালামালের লট কিনে আনি। ফলে আমরা কম দামে কিনতে পারি। তাই বিক্রিও করি কম দামে।
বেচাকেনা করতে কোন সমস্যা হয় কি না, এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ফুটপাতের একাধিক হকার বলেন- কিছুটা তো হয়ই। যেমন:- মাঝে মাঝে চাঁদাবাজদের দৌরাত্মের কারণে ব্যবসায় তেমন লাভ করতে পারি না। তা ছাড়া আছে বৃষ্টি। সব মিলিয়ে ব্যবসা করতে আমাদের অনেক কষ্টই হয়। ফুটপাতের দোকানগুলোতে বেচাকেনা ভালো হলেও হতাশা প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ি। তাদের অভিযোগ, মাঝে মধ্যেই হানা দেয় পুলিশ ও চাঁদাবাজরা। তাঁর ওপর সিটি করর্পোরেশনের উচ্ছেদ অভিযান তো আছেই। আবার বৃষ্টি এলেও দোকানপাট গুটিয়ে বসে থাকতে হয়।
নগরীর কালিয়াজুরী থেকে আসা ফাতেমা আক্তার বলেন- আমি বেশিরভাগ সময় টাউন হল সুপার মার্কেট থেকেই কেনাকাটা করি, তবে ফুটপাতেও ভালো কিছু পাওয়া যায়। ফলে দোকানে কেনার পাশাপাশি ফুটপাত থেকেও কিনে নিই।
নগরীর শপিংমলে শার্ট, টি-শার্ট আর ফতুয়া-পাঞ্জাবির দোকান আছে বিপ্লব দাসের। সেখানে চলে রমরমা ব্যবসা। তিনি সেখানে ছেলেদের শার্ট, টি-শার্ট, ফতুয়া আর পাঞ্জাবি বিক্রি করছেন। তিনি সারা বছর সেখানে বিক্রি করেন। কিন্তু ঈদ উপলক্ষে তাঁর দোকানে অতিরিক্ত যোগ হয়েছে বাহারি রং ও ডিজাইনের ফতুয়া আর স্টাইলিশ পাঞ্জাবি।
কুমিল্লার চৌদ্দগ্রাম হতে আগত মোঃ সফিক মিয়া জানান, ছেলে-মেয়েদের জন্য কাপড় কিনতে কান্দিরপাড় ফুটপাতের দোকানে এসেছি। এখানে কম দামে অপেক্ষাকৃত ভালো কাপড় পাওয়া যাচ্ছে বলেই তাঁর এখানে আসা।









