অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) :
গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামে প্রভাবশালী এক যুবলীগ নেতা ৫ কোটি টাকার সরকারী সম্পত্তি দখল করেছে। দখলকৃত ওই সম্পত্তিতে বহুতল বিশিষ্ট পাকা ভবন নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করেছে। প্রশাসনের নাকের ডগায় অবৈধ নির্মাণ কাজ চললেও দখলদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এলাকাবাসী দখলদার উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছে। দখলকৃত সম্পত্তির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
স্থানীয় লোকজন, উপজেলা ভূমি অফিস ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের জেএল ১৩২ নং দক্ষিণ গোবর্দ্ধন মৌজার এসএ ৯৪, ৯২, ১০২ নং খতিয়ানের হাল ২০৯, ২১০, ২২১, ২৫৪, ২৫৭, ২১২ ও ২১৩ নং দাগের ৩ একর ৬১ শতাংশ জমির আরএস রেকর্ডিয় মালিক ছিলেন সুভাষিনী দেবী। ১৯৬৫ সালে দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের মালেক সরদারকে ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে সুভাষিনী দেবী ভারতে চলে যান। পরবর্তীতে মালেক সরদার ওই সম্পত্তিতে বাড়িঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে বসবাস শুরু করেন। ১৯৭০ সালে মালেক সরদার উক্ত তফসিলভুক্ত সম্পত্তি ভিপি হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেন। গৌরনদী উপজেলা ভূমি অফিস সহকারী সাজেদা বেগম জানান, ১৯৭০ সালে এক আদেশে ওই সম্পত্তি ভিপি তালিকাভুক্ত করা হয় এবং ওইবছর দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের আ. মালেক সরদারকে লিজ প্রদান করা হয়। ১৯৭১ সালে ওই বাড়িটিতে মুক্তিযুদ্ধের ক্যাম্প স্থাপন করা হয়। মালেক সরদারের পুত্র আবদুল্লাহ-আল-মামুন অভিযোগ করেন, ১৯৮৪ সালের ১০ অক্টোবর তার চাচা আ. রব সরদার কবুলিয়তের মাধ্যমে লিজে নিজের নাম অর্ন্তভুক্ত করান । ২০০৬ সালের ২১ অক্টোবর তার বাবা আ. মালেক সরদার মারা যান। ২০০৭ সালে ২ জুলাই মালেক সরদারের কোন ওয়ারিশ নেই বলে মিথ্যা তথ্য দিয়ে চাচা রব সরদার সরকারী শর্ত সাপেক্ষে নিজের নামে পূর্ণাঙ্গ লিজ গ্রহণ করেন। পরবর্তীতে আ. রব সরদার ও তার পুত্র রঞ্জু সরদার নিজেদের মালিকানা সম্পত্তি হিসেবে দাবি করে ভোগদখল করতে থাকেন।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের মৃত খালেক সরদারের পুত্র মিলন সরদার (৩২), গফুর সরদারের পুত্র সোনামদ্দিন সরদার (৪৫), পশ্চিম শাওড়া গ্রামের কালাই সরদার (৩৮)সহ অনেকেই জানান, ২০১৩ সালের ডিসেম্বর মাসে রব সরদারের পুত্র গৌরনদী উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জু সরদার পৈতৃক সম্পত্তি দাবি করে বাড়ির প্রায় ২০ লাখ টাকার মূল্যবান গাছ বিক্রি করে উক্ত টাকা আত্মসাৎ করেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ওই সম্পত্তিতে অনুমোদনবিহীন নকশায় ৫ তলা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়ে নির্মাণ কাজ শুরু করেন। দখলকৃত সম্পত্তির মূল্য প্রায় ৫ কোটি টাকা। তারা আরো অভিযোগ করেন, অবৈধভাবে ভবনের নির্মাণ কাজ শুরু করে একতলার ছাদ ঢালাই দেয়ার সময় তারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তারা নির্মাণ কাজ বন্ধের দাবি জানান। নির্বাহী অফিসার গত ২৬ ফেব্রুয়ারি শো’কজ প্রদান করেন। শো’কজকে পাত্তা না দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রাখলে গত ৩০ এপ্রিল গৌরনদী ভূমি অফিস নির্মাণ কাজ বন্ধের জন্য লিখিত নির্দেশ দেন। কিন্তু যুবলীগ নেতা প্রভাব দেখিয়ে সে নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যান। বর্তমানেও ওই বহুতল পাকা ভবনের নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। অনুমোদনবিহীন ৫ম তলা ভবনের ২য় তলার ছাদ নির্মাণসহ আনুসাঙ্গিক কাজ চলছে। নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, মালিক যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবে কাজ করছি, বৈধ অবৈধ সম্পর্কে আমরা কিছুই জানিনা। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান বলেন, কোন ব্যক্তি লিজকৃত ভূমির প্রকৃতি পরিবর্তন করা কিংবা কোন পাকা ভবন নির্মান করতে পারবেনা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী জানান, অভিযোগ পাওয়ার পরে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। যদি আদেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার
গৌরনদী উপজেলার বার্থী বাজার থেকে রবিবার রাতে পুলিশ গাঁজাসহ মাদক বিক্রেতা শাহীন মোল্ল¬াকে (২৩) আটক করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টায় থানার এসআই আলাউদ্দিন একদল পুলিশ নিয়ে বার্থী বাজারে অভিযান চালায়। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ গাঁজাসহ মাদক বিক্রেতা বার্থী গ্রামের মৃত সিরাজ মোল্ল¬ার পুত্র শাহীন মোল্ল¬াকে আটক করে। এঘটনায় এসআই আলাউদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
আগৈলঝাড়ায় মন্দিরের নাম ব্যবহার করে অবৈধভাবে গাছ কর্তন
পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গাছ জব্দ

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের সড়ক থেকে অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে গাছ কেটেছে এক ব্যক্তি। বিষয়টি জানার পরে কর্তিত গাছ জব্দ করেছে পানি উন্নয়ন বোর্ড। এব্যাপারে আইনানূগ ব্যবস্থা নেয়া হবে বলে পাউবো কর্তৃপক্ষ জানিয়েছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার কালুরপাড়-পয়সারহাট সড়কের দক্ষিণপাড়ে পানি উন্নয়ন বোর্ডের সড়ক থেকে অবৈধভাবে স্থানীয় কয়েকটি মন্দিরের নাম ব্যবহার করে জোবারপাড় রামদেবেরপাড় গ্রামের শশধর বৈষ্ণব পানি উন্নয়ন বোর্ডকে না জানিয়ে ভুয়া রেজুলেশন দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে মন্দিরের আসবাব তৈরীর জন্য গাছ কাটার অনুমতি চায়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম তালুকদার বন বিভাগ কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলকে তদন্তের নির্দেশ দিলে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেননি। অন্যদিকে বেসরকারী এনজিও প্রশিকা-র এলাকা সমন্বয়কারী মো. শামীম ও সহযোগী সরোয়ার শাহ্ বনায়নকৃত গাছ কাটার আবেদনে সুপারিশ করেছেন। তবে প্রশিকার-র বনায়নকৃত গাছ টেন্ডার ছাড়া কাটা বা বিক্রির কোন নিয়ম নেই বলে জানা গেছে। শশধর বৈষ্ণব প্রশিকা ও বন বিভাগকে ম্যানেজ করে পানি উন্নয়ন বোর্ডকে না জানিয়ে বড়মাগড়া টেংরাবাড়ি থেকে গত বুধবার বিভিন্ন প্রজাতির ৫-৬টি গাছ যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা তা গাছ ব্যবসায়ী সিদ্দিকের কাছে বিক্রি করে। সে গত কয়েকদিন ধরে ওই গাছ কাটতে শুরু করে। এসংবাদ জানতে পেরে পানি উন্নয়ন বোর্ড গতকাল ঘটনাস্থলে গিয়ে কর্তিত গাছ জব্দ করে। জব্দকৃত গাছ বড়মাগড়া ও আগৈলঝাড়া স-মিল মালিকের জিম্মায় রাখা হয়েছে। এব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের এসও মাহবুবুর রহমান জানান, আমাদের অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে শশধরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গ্রুপিং-এর কারণে কেন্দ্রীয় কর্মসূচী পালনে অনীহা
আগৈলঝাড়ায় বিএনপি দলীয় কোন কর্মসূচি পালন করছে না
সারাদেশে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী পালিত হলেও বরিশালের আগৈলঝাড়ায় গ্রুপিং-এর কারণে কেন্দ্রীয় কোন কর্মসূচী পালিত হচ্ছেনা। আওয়ামীলীগ ক্ষমতার আসার পর সারাদেশে বিএনপি মিছিল, সভা সমাবেশ করলেও আগৈলঝাড়ায় ঘটছে এর ব্যতিক্রম। বর্তমান আওয়ামীলীগ সভাপতির সাথে উপজেলা বিএনপি নেতাদের সুসম্পর্ক রয়েছে। যার কারণে নিজেদের ফায়দা লোটার জন্য হরতালসহ কেন্দ্রীয় কোন কর্মসূচি আগৈলঝাড়া বিএনপি পালন করছেনা।
দলীয়সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপি ২০০৮ সালের সংসদ নির্বাচন থেকে গ্রুপিং-এর সৃষ্টি হয়েছে। জহির উদ্দিন স্বপন সংস্কারপন্থী হওয়ায় বিএনপি থেকে মনোনয়ন পান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। এসময় থেকে গ্রুপিং সৃষ্টি হওয়ায় নির্বাচনে বরিশাল-১ আসনে চারদলীয় জোটের প্রার্থীর পরাজয় ঘটে। পরাজয়ের পরে কেন্দ্র থেকে দল গুছানোর দায়িত্ব দেয়া হয় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে। জহির উদ্দিন স্বপন ও আকন কুদ্দুসুর রহমানের নেতাকর্মীদের বাদ দিয়ে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তার অনুসারীদের নিয়ে ২ উপজেলায় কমিটি গঠন করে। বিগত দিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটিতে নির্যাতনকারীসহ ছাত্রদল ও যুবদলের বিতর্কিত নেতাকর্মীদের স্থান দেয়া হয়। উপজেলা কমিটিতেও তার অনুসারী নেতাকর্মী দিয়ে গঠন করা হয়। ওই কমিটির নেতাকর্মীদের বর্তমান সরকার দলীয় নেতাকর্মীদের সাথে রয়েছে সুসম্পর্ক। যে কারণে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আগৈলঝাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কোন কর্মসূচি পালিত হয়নি। বিভিন্ন সময় বিএনপি ঘোষিত সারাদেশে হরতাল সফল করার জন্য সভা-সমাবেশ হলেও আগৈলঝাড়ায় এখন পর্যন্ত এ রকম দলীয় কোন কার্যক্রম পালিত হয়নি। উপজেলা সদরের সুপার মার্কেটের দোতালায় বিএনপি একটি অস্থায়ী অফিস নিলেও তা প্রায়ই বন্ধ থাকে। বিএনপি কর্মসূচী পালন না করে অনেক সময় দলীয় প্যাডে কর্মসুচী পালনের সংবাদ লিখে সাংবাদিদের কাছে প্রেস বিজ্ঞপ্তি সরবরাহ করে। বর্তমানে নেতাকর্মীরা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা প্রশাসনিক ঝামেলার জন্য দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে চাচ্ছে না বলে জানা গেছে। অনেক সময় নেতাকর্মীরা বিপদে পরলে কেন্দ্রীয় নেতারা কোন সংবাদ পর্যন্ত নেননি বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আগৈলঝাড়ায় হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরের মানসী ফুল্লশ্রী গ্রামে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে উল্টো রথযাত্রা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রার র্যালী নিয়ে উপজেলার বিএইচপি একাডেমী মাঠে শেষ করেছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ অনুসারী হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার গৈলা রথখোলা, সরবাড়ি, বারপাইকাসহ ৫টি ইউনিয়নের বিভিন্নস্থানে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়।









