আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : ঠাকুরগাওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলা রমরমা মাদক রাজ্যে পরিণত হয়েছে। মাদক সেবী, ব্যবসায়ীদের দুরে কোথাও যেতে হয়না। হাত বাড়ালেই মাদকের দেখা মিলে। দু’এক জায়গায় লুকোচুরি করে মাদক কারবার চললেও প্রায়ই জায়গায় খোলামেলা বেচাকেনা চলে। ধ্বংস হচ্ছে স্কুল কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও মাদক সেবায় জড়িয়ে পড়েছে।

উপজেলার কামার পুকুর, শিহীপুর, দামোল, আদিবাসি পাড়া থেকে শুরু করে উপজেলার গুরুত্ত্বপূর্ণ জায়গাগুলোতে বেশ দাপটের সাথে মাদকের অবস্থান দেখা মিলে অনায়াসে। মাদকের সাথে পাচার হয়ে আসছে অস্ত্র। সমাজে বেড়ে গেছে নানা অপকর্ম। অল্প বয়সে হাতে অস্ত্র পেয়ে উঠতি বয়সের যুবকরা বিভিন্ন অসামাজিক কাজে বেপরোয়া হয়ে উঠছে।
উপজেলায় মাদকাশক্ত কয়েকজন যুবককে জেলা শহর থেকে বিভাগীয় শহরের মাদকাশক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসার পর বাড়ি ফিরে খারাপ সঙ্গের কারনে আবার মাদকাশক্ত হয়ে পড়ছে। বিফলে চিকিৎসা সেবা বাবা মার অক্লান্ত চেষ্টা, পরিশ্রম, বিলিন হচ্ছে আর্থিক অবস্থা।

অনেক সময় প্রশাসনের নাকের ডগায় মাদক বেচা কেনা হলেও না দেখার ভান করে এড়িয়ে যান তারা। মুলত মাদক দুর করতে সকলের ঐকান্তি প্রচেষ্টা দরকার নইলে সমাজ থেকে মাদক দুর করা সম্ভব হয়ে উঠবে না বলে সুধিমহলের অভিমত।









