শ্যামলবাংলা স্পোর্টস : আলজেরিয়ার সাথে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে ২-১ গোলে আলজেরিয়াকে হারায় জার্মানরা। ম্যাচ জিতলেও বেশ কষ্ট করতে হয়েছে জার্মানদের।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা আলজেরিয়া সমানতালে না পারলেও ভালোই লড়াই করেছে জার্মানদের বিপক্ষে। বিশেষ করে আলজেরিয়ান গোলরক্ষকের সামনে গিয়ে অনেক ভুগতে হয়েছে জার্মান আক্রমণভাগকে। দৃঢ়তার পরিচয় দিয়েছে আলজেরিয়ান রক্ষণভাগও। বেশ কিছু সুযোগ পেয়েছে জার্মানি। তবে তা চূড়ান্ত সাফল্য বয়ে আনতে পারেনি আলজেরিয়ান গোলরক্ষক ও ডিফেন্সের দক্ষতায়।
অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটেই গোল পায় জার্মানি। আন্দ্রে স্কার্লের গোলে লিড নেয় জুয়াকিম লোর দল। পরে ১১৯ মিনিটে ফের আলজেরিয়ার জাল কাঁপায় তারা। এক মিনিট পর একটি গোল শোধ করে আলজেরিয়া। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় মেনে মাঠ ছাড়তে হয় আলজেরিয়ানদের।









