শ্যামলবাংলা স্পোর্টস : প্রথম ম্যাচে গোলখরা কাটানোর পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন দলকে বাঁচানো অসাধারণ এক গোল। এবার নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করেই আর্জেন্টিনাকে গ্রুপ চ্যাম্পিয়ন করলেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন মার্কোস রোহো। দু’বার সমতা ফেরালেও দলের হার ঠেকাতে পারেননি নাইজেরিয়ার ফরোয়ার্ড আহমাদ মুসা। ৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে দুইবারের চ্যাম্পিয়নরা। আর হেরেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে তাদের সঙ্গী নাইজেরিয়া। গ্রুপের অন্য ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।
প্রতিযোগিতায় গোলদাতাদের শীর্ষে উঠে এসেছেন মেসি। ৪ গোল করে ব্রাজিলের নেইমারের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি।









