শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিরোধী দলের সাথে সংলাপের দরজা সব সময় খোলা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। ২২ জুন রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওই কথা জানান তিনি। এসময় তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সংলাপ করবেন কি নিয়ে, আপনি তো বর্তমান সরকারের অধীনে নির্বাচন করেননি। নির্বাচনের সময় যখন আসবে তখন সংলাপ হবে। এ সংসদের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারি। ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে নির্বাচন, সে ব্যাপারে আলোচনার দরজা সব সময় খোলা আছে।
তোফায়েল বলেন, মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা বাংলাদেশে নেই। নির্বাচন হতে হলে বর্তমান সরকারের অধীনে হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান ক্ষমতাসীন সরকার মানবে না। ১০ থেকে ১৪ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন তোফায়েল আহমেদ।
রাজনীতি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) কোন আলাপ করেনি উল্লেখ করে তোফায়েল বলেন, আমি উদ্যোগী হয়ে বলেছি সকলের অংশগ্রহণে আমরা নির্বাচন চেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ ও সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন, কিন্তু তারা (বিএনপি) তা প্রত্যাখ্যান করেছে। তারা কোন কিছুর বিনিময়ে নির্বাচনে অংশ নিতে চায়নি। অথচ আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। থাইল্যান্ডের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আমাদের দেশেও যারা নির্বাচন চাননি, তাদের লক্ষ্য ছিল থাইল্যান্ডের মতোই নির্বাচন না করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা।









