প্রতীক ওমর, বগুড়া : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ শনিবার রাতে বগুড়া যাচ্ছেন। তাঁর সফর সফল করতে জেলা বিএনপির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া বিকেলে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে রাতে বগুড়া সার্কিট হাউজে পৌছবেন। বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে সেখানে স্বাগত জানাবেন। সার্কিট হাউজে রাত যাপনের পর রোববার তিনি সড়ক পথে জয়পুরহাট জেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে বিকেলে বিএনপির জনসভায় যোগ দেবেন তিনি। জয়পুরহাট যাত্রাপথে দুপুর ১২টায় বগুড়া জেলা বিএনপি পথ সংবর্ধনার আয়োজন করেছে। বগুড়া সার্কিট হাউজ থেকে শুরু করে সাতমাথা,থানা মোড়. মোকামতলা হয়ে শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া পর্যন্ত তাঁকে পথ সংবর্ধনা দেবে বিএনপি সহ সর্বস্তরের জনগন।
পথ সংবর্ধনা সফল করতে গতকাল শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ ষ্টেশন রোড, সাতমাথা সহ বিভিন্ন এলাকায় জনগনের মাঝে লিফলেট বিতরন করেন। তিনি জনগনকে বেগম খালেদা জিয়ার জয়পুরহাট গমন পথের দু’পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে আহবান জানান। এসময় তাঁর সাথে ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, শহর সভাপতি মাহবুবর রহমান বকুল, লাভলী রহমান, শেখ তাহা উদ্দিন নাহিন, পরিমল চন্দ্র দাস, মাহফুজুর রহমান রাজু, মেহেদী হাসান হিমু, আরাফাতুর রহমান আপেল প্রমুখ। এ ছাড়া সফর সফল করতে শহরে মাইকিং করা হচ্ছে এবং চলছে তোরন নির্মাণ। শহরের বিভিন্ন এলাকায় সাটানো হয়েছে ব্যানার, ফেষ্টুন ।









