শ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশ-ভারতের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হারল বাংলাদেশ। এ জয়ের ফলে সিরিজ জিতল ভারত। সফরকারী দলকে মাত্র ২৫.৩ ওভারে ১০৫ রানে অলআউট করে সহজ ম্যাচেও লজ্জাজনকভাবে হারল টাইগাররা।
ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যে তাড়া করতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ১৭.৪ ওভারে ৫৮ রান করে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে তামিম ৪, আনামুল হক ০, মুশফিকুর রহিম ১১, মিথুন ২৬, মাহমুদুল্লাহ ০, সাকিব ৪, জিয়াউর ০, মাশরাফি ২, নাসির ৫ ও আলআমিন ০ রান করেন। প্রতিপক্ষকে অলআউট করতে মাত্র তিন জন বোলার লেগেছে ভারতের। মাত্র ৪ রান দিয়ে ৬ উইকেট নেয়া স্টুয়ার্ট বিনিই বাংলাদেশ ইনিংস ধসিয়ে দিয়েছেন। ভারতের কোনো বোলারের এটি সেরা বোলিং। এর আগে ১৯৯৩ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই মাশরাফি এক উইকেট তুলে নিয়ে তার যথার্থতাও প্রমাণ করেন। এরপর বৃষ্টি শুরু হলে আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকেল ৪টায় মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবার খেলা শুরু হয়। বৃষ্টির কারণে ৯ ওভার কমানো হয়। ৪১ ওভারে নেমে আসা ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা টেকেন মাত্র ২৫ ওভার ৩ বল। রান মাত্র ১০৫। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন রান। আগের সর্বনিম্ন ছিল ১৯১, ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনে এই রান করেছিল তারা। বাংলাদেশের পক্ষে ৮ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন ১৯ বছর বয়সী তাসকিন আহমেদ। সঙ্গে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজাও ফিরিয়েছেন দুই ব্যাটসম্যানকে।
এর আগে রবিবার সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে বৃষ্টি আইনে (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে) জয় পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৫.৩ ওভারে ১০৫ (উথাপ্পা ১৪, রাহানে ০, পুজারা ১১, রাইডু ১, রায়না ২৭, ঋদ্ধিমান ৫, বিনি ৩, প্যাটেল ৮, মিশ্র ৪, মোহিত ৪*, উমেশ ১৭; তাসকিন ৫/২৮, মাশরাফি ২/৩৫, সাকিব ১/৮, আল-আমিন ১/২৬)
বাংলাদেশ: ১৭.৪ ওভারে ৫৮ (তামিম ৪, এনামুল ০, মিঠুন ২৬, মুশফিক ১১, সাকিব ৪, মাহমুদুল্লাহ ০, নাসির ৫, জিয়া ০, মাশরাফি ২, তাসকিন ০*, আল-আমিন ০; বিনি ৬/৪, মোহিত ৪/২২)




