নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম থানার পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে রাইটারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ মে রবিবার সকালে ওই লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, নাটোর জেলার সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত হায়াত উল্লাহ’র ছেলে রেজাউল করিম (৫৫) দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম থানায় রাইটার হিসেবে কাজ করতো। সে থানার ভিতরে পরিত্যক্ত ভবনের একটি কক্ষে থাকতো। এছাড়াও সে মাঝে মধ্যেই বাড়িতে গিয়ে থাকতো। ধারণা করা হচ্ছে, ২২শে মে রাতের কাজ শেষে খাবার খেয়ে ওই কক্ষে ঘুমিয়ে পড়ে। এরপর থেকে তার দেখা মেলেনি। রবিবার সকালে ওই কক্ষ থেকে দূর্গন্ধ বের হতে থাকে। তখন পুলিশ ওই কক্ষে খোজ নিয়ে দেখে রাইটার রেজাউল করিম বিছানায় মৃত অবস্থায় রয়েছে। পুলিশ ধারণা করেছে প্রচন্ড গরমের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ও বগুড়া বি-সার্কেলের সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি’র দায়িত্বে এসআই আকিবুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে ময়না তদন্তের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তার ওই মৃত্যুর ঘটনায় নন্দীগ্রাম থানাসহ তার গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওই খবর ছড়িয়ে পড়লে থানায় অনেক লোকের ভীড় জমে যায়।




