খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই বোন নার্গিস আক্তার (৯) ও আনিসা আক্তারের (৭) লাশ উদ্ধার করা হয়েছে। ২২ মে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামু উপজেলার বান্দরজ্যারকোম এলাকা সংলগ্ন বাঁকখালী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা লাশ দু’টি উদ্ধার করে। মৃত দু’জন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্বপাড়ার মাওলানা এনাম উল্লাহর মেয়ে। নার্গিস আক্তার স্থানীয় জামেয়াতুল ছালিহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণি ও তার বোন আনিসা আক্তার তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মীর কাসেম জানান, তীব্র তাবদাহে অতিষ্ট হয়ে বুধবার দুপুরে দুই বোন বাঁকখালী নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ১৯ ঘণ্টা খোঁজাখুঁজির পর সকালে তাদের মৃতদেহ পাওয়া যায়। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মৃতদেহ উদ্ধারের পর দু’শিশু কন্যার পরিবার ও প্রতিবেশীদের মাঝে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। একসাথে দু’মেয়েকে হারিয়ে আহাজারি করতে থাকেন তাদের বাবা-মা ও আত্মীয়-স্বজন।
রামুতে অটোরিক্সা যাত্রীর ২২ হাজার টাকা ছিনতাই
কক্সবাজারের রামুতে অটোরিক্সা (সিএনজি) যাত্রীদের সর্বস্ব লুট করেছে ছিনতাইকারি চক্র। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে এগারটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারী চক্রের মারধরে আহত অটোরিক্সা (সিএনজি) চালক মনজুর আলম জানান, কক্সবাজার থেকে রামু আসার পথে ঘটনাস্থলে পৌঁছলে একদল সশস্ত্র ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় যাত্রীরা আতংকে চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে ও যাত্রীদের মারধর এবং গাড়ি ভাংচুর করে। এসময় কাদের হোসেন নামের এক যাত্রীর কাছ থেকে ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার পরই ছিনতাইয়ের শিকার চালক মনজুর আলম ও যাত্রী কাদের হোসেন রামু থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) সাইকুল আহমেদ ভূঁইয়াকে বিষয়টি অবহিত করেন। ওসি’র নিদের্শে এসআই মশিউর ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রামুতে ব্যবসায়িকে মারধর করে সাড়ে ১৩ হাজার টাকা ছিনতাই

কক্সবাজারের রামুতে এক ব্যবসায়ি ছিনতাইয়ের শিকার হয়েছে। সংঘবদ্ধ ছিনতাইকারি চক্র ব্যবসায়িকে ব্যাপক মারধর করে তাঁর ১৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে। মারধরে আহত ব্যবসায়িকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত পৌনে বারোটায় রামু উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্যগুদামের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ি মো. ইসমাঈল (২৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা। তাঁর স্বজনরা জানান, মো. ইসমাইল রামুতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক লেনদেন ছিলো। পাওনা টাকা আদায় করে বাড়ি ফেরার জন্য বাইপাস আসার পথে ছিনতাইকারীরা তাকে বেদম প্রহার করে ১৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রামুর ঈদগড়ে যুবককে অপহরণের অভিযোগ
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ঘিলাতলী এলাকায় যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত মোহাম্মদ কাসেমের বাবা জাকের হোসেনের জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) রাত আড়াইটার দিকে ১০/১২ জন মুখোশ পরিহিত অস্ত্রধারি সন্ত্রাসী তাঁর বাড়িতে হানা দেয়।
এসময় দূর্বৃত্তরা তাঁর ছেলে কাসেম (১৭) কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারিরা একাধিক মোবাইল ফোন থেকে কল করে তার বাবা জাকের হোসেন এবং মা নুর জাহানের কাছ থেকে ছেলেকে ফিরিয়ে দেয়ার আশ্বাসে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ না দিলে অপহৃত কাসেমকে প্রাণনাশের হুমকীও দেয় তারা।
রামুর ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. শাহজাহান জানিয়েছেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টির সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
রামুতে মসজিদের অর্থ আত্মসাত
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গনিয়াকাটা এলাকায় মসজিদের নামে বরাদ্ধকৃত সরকারি অর্থ (গম) আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গনিয়াকাটা মসজিদের সভাপতি রফিকুল আলম রামু থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই এলাকার মৃত রশিদ আহমদের ছেলে সিরাজুল ইসলাম খুইল্লা মিয়া ইতিপূর্বে মসজিদের কমিটিতে দায়িত্ব পালনকালে মসজিদের উন্নয়ন কর্মকান্ডের জন্য একটন গম বরাদ্ধ দেয়া হয়। কিন্তু সকলের অগোচরে সিরাজুল ইসলাম খুইল্লা মিয়া নিজেই ওই গমের টাকা আত্মসাত করেন।
এছাড়া বিভিন্ন ব্যক্তিকে জমি বিক্রির নামে অর্থ আত্মসাত, নিরীহ লোকজনকে হয়রানি সহ নানা প্রকার অপকর্মের অভিযোগ করা হয় ওই লিখিত আবেদনে।
স্থানীয় বাসিন্দা রিয়াজ উদ্দিন, জামাল উদ্দিন ও মোহাম্মদ জানান, মসজিদের নামে বরাদ্ধকৃত গম আত্মসাত করার বিষয়টি নিয়ে এলাকাবাসি ক্ষুব্দ। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।




