
স্টাফ রিপোর্টার : শেরপুরে বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। ২০ মে মঙ্গলবার সকালে শেরপুর পুলিশ লাইনের এক সদস্য পার্শ্ববর্তী হাওরা বিল থেকে মদন টাক নামে ওই পাখিটি উদ্ধার করেন। পরে পাখিটি পুলিশ লাইনে নিয়ে গেলে খবর পেয়ে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান। পরে জেলা বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা ও স্থানীয় বন বিভাগকে খবর দিয়ে পাখিটি তাদের আছে হস্তান্তর করা হয়। বর্তমানে পাখিটি জেলা বন বিভাগের নিয়ন্ত্রনে চিকিৎসাধীন রয়েছে। পাখিটি দেখতে অনেকটা বক আকৃতির। এর উচ্চতা প্রায় ৪ ফুট এবং ঠোট প্রায় দেড় ফুট লম্বা। পাখিটির ডানা দু’টির দের্ঘ্য ৪ ফুট ও ওজন প্রায় ৬ থেকে ৭ কেজি। অসুস্থতার কারণে পাখিটি উড়তে পারছে না।

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উম্মে হাবিবা জানান, এ মদন টাক পাখিটি আমাদের দেশের বিভিন্ন বিল ও হাওর এলাকায় দেখা যায়। উদ্ধার করা পাখিটি অসুস্থ থাকার কারণে দুর্বল হয়ে পড়ায় স্থানীয় লোকদের হাতে ধরা পরে। এটি সুস্থ হলে বঙ্গবন্ধু সাফারি পার্ক অথবা স্থানীয় হাওর-বিল এলাকায় অবমুক্ত করা হবে বলে তিনি জানান।




