আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মাদকসেবীরা ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী স্বপন মন্ডল সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার মাদকসেবী বিশ্ব হালদার ও গান হালদার তাকে মারধর করে সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে আহত স্বপন মন্ডলকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর্মীদের মাঝে পিডিএ ট্যাব বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর্মীদের মাঝে পিডিএ ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ২৮জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাঝে পিডিএ ট্যাব বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন ইপিআই কর্মকর্তা লোকমান হোসেন, ফিল্ড অফিসার নুরুল ইসলাম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাঝে পিডিএ ট্যাব বিতরণ করছে।
আগৈলঝাড়ায় দরিদ্র পরিবারের মাঝে এনজিওর গবাদি পশু বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী এনজিও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-আগৈলঝাড়া এডিপি শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে গবাদী পশু বিতরণ করেছে। গতকাল ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়া এডিপি কার্যালয়ে ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করেছে। এসময় উপস্থিত ছিলেন সংস্থার খুলনা-বরিশাল অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সমন্বয়কারী মো. ওমর ফারুক, আগৈলঝাড়া এডিপির অর্থনৈতিক প্রকল্প সমন্বয়কারী পৌল প্রেমসং ম্রং, স্বাস্থ্য প্রকল্প সমন্বয়কারী চার্লস মৃদুল সরকার। এছাড়া চলতি মাসের প্রথমদিকে সংস্থাটি উপজেলার ৫ ইউনিয়নের ৭০টি হতদরিদ্র পরিবারে ১টি করে গরু বিতরণ করেছে।




