কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা মুন্সিপুর সীমান্তে হাসিবুল (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হত্যা করে তার লাশ নিয়ে গেছে। ১৩ মে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত. সানু মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদার মুন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলারের কাছ দিয়ে ৬/৭ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে গরু আনার জন্য সীমান্ত পার হলে ভারতের নদীয়া জেলার মহাখোলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় বাকীরা পালিয়ে আসতে সক্ষম হলেও হাসিবুলকে বিএসএফ আটক করে তাকে রাইফেলের বাট দিয়ে বেধড়ক পিটাতে থাকে। এতে সে রক্তাক্ত জখম হয়ে সঙ্গাহীন হয়ে পড়লে বিএসএফ তাকে একটি ডোবার পানিতে ফেলে দিয়ে হত্যা করে। পরে বিএসএফ তাকে টেনে হেচড়ে ফাড়িতে নিয়ে যায়।
এব্যাপারে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মতিন জানান, বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারেনি।




