সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, মুক্তিযুদ্ধের ঘটনার মধ্যে দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক স্থাপিত হয়েছে তা চিরদিন অটুট থাকবে। কারন বাংলাদেশে ভারতের মৈত্রী দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে ভারত সরকার বাংলাদেশের জন্য সাধ্যের মধ্যে কিছু করতে পেরে আমরা খুশি।

তিনি গতকাল সোমবার দুপুর ১২টায় নওগাঁর সাপাহারে নওগাঁ-১ সংসদীয় এলাকার আওতায় ভারত সরকারের সহযোগিতায় ৪‘শ গভীর নলক‚প স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন। স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা প্রমুখ বক্তব্য প্রদান করেন। ভারত সরকারের সহযোগিতায় নওগাঁ-১ সংসদীয় এলাকার (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) উপজেলার ২০টি ইউনিয়নের প্রত্যেকটিতে ২০টি করে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। প্রতিটি গভীর নলকুপের জন্য ৬৫ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে এ ৩টি উপজেলার ২০টি ইউনিয়নের ৪৮ হাজার মানুষের খাবার সুপেয় পানি সুনিশ্চিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে স্থানীয় ঠিকাদার সাদেকুল ইসলাম নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেছে। অপরদিকে সাপাহারে স্থলবন্দর স্থাপনে দাবি করা হলে প্রধান অতিথি সার্বিক প্রচেষ্ঠা করবেন বলে প্রতিশ্র“তি দেন ও খঞ্জনপুর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন।




