নওগাঁ প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি’ বলেছেন, আ’লীগ সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নয়ন করছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড সফলভাবে সমাপ্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। শনিবার দিবাগত রাতে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর পতœীতলা উপজেলার করমজাই মাদ্রাসা প্রাঙ্গনে সেখান থেকে মান্দাইন পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক পাকা করণ কাজের উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। আকবরপুর ইউপি আ’লীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নজিপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইছাহাক হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল হক, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ রিজিওন ২ এর নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আল মামুনুর রশিদ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবু নির্মল কুমার ঘোষ, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোকলেছুর রহমান চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল কবির চৌধুরী বাবু, আকবরপুর ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জামান চৌধুরী প্রমুখ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মহাদেবপুরে ডাকাতি ও মাদক মামলায় দুইজন আটক

রবিবার নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ডাকাতি ও মাদক মামলায় দুইজনকে আটক করেছে। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রহমান জানান, সকালে মহাদেবপুর থানার ওসি এনায়েত উদ্দিন ডাকাতি মামলায় উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের সামছুর রহমান শাহের ছেলে আব্দুল মজিদ সাবুকে (৪৫) তার বাড়ী থেকে আটক করেন। দুপুরে এসআই নিয়ামুল ইসলাম মাদক মামলায় উপজেলার রাইগাঁ ইউনিয়নের শিয়ালী গ্রামের মজির উদ্দিনের ছেলে আজাদুল ইসলামকে (৪০) তার বাড়ী থেকে আটক করেন। #
মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে হেরোইন সেবীর কারাদন্ডাদেশ
রবিবার বিকেলে নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমান আদালত শ্রী সুমন কুমার শীল (২৫) নামে এক হেরোইন সেবীর তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রহমান জানান, উপজেলার রাইগাঁ গ্রামের মৃত সুধীর চন্দ্র শীলের ছেলে সুমনকে সকালে মহাদেবপুর থানার এসআই সাজেদুর রহমান হেরোইন সেবনের দায়ে রাইগাঁ বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসেন। বিকেলে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ মাহমুদের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমান আদালতে হাজির করানো হলে বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন।




