শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা নির্বাচনে কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ নাকচ করে দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ রিগিং করলে জামায়াত কীভাবে জেতে? অনেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদেও জামায়াত প্রার্থীরা জিতেছে। সাঈদীর ছেলেও জিতেছে। আওয়ামী লীগ রিগিং করলে জামায়াতকে জিততে দিত না। তিনি ৫ এপ্রিল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ওই কথা বলেন। এসময় তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদসহ মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এগুলো ভবিষ্যতে আমাদের সবার জন্য বিপদ হিসেবে দেখা দিতে পারে। এর বিরুদ্ধে এখন থেকেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকের শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন দলের দফতর সম্পাদক অ্যাডভোকেট আবদুল মান্নান খান। ওই বৈঠকে বাংলা নববর্ষ, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, ১ মে মহান মে দিবস, ১৭ মে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়।




