মেহের আমজাদ মেহেরপুর : মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত ঐতিহাসিক মুজিবনগর। মুজিবনগর থেকেই স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছিল। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুজিবনগর কমপ্লেক্সের চলমান সব প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যেই সম্পন্ন করা হবে। মেহেরপুর জেলাবাসীর দাবী ও চলমান প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে দ্রæত প্রধান মন্ত্রীর কাছে প্রতিবেদন পেশ করা হবে। কীভাবে দ্রæত সমাধান করা যায় সে বিষয়েও সুপারিশ করা হবে। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে সামনে রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক শুক্রবার সকালে মুজিবনগর সফরে গিয়ে কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, মেহেরপুর জেলার দীর্ঘদিনের দাবী স্থলবন্দর ও রেল লাইন স্থাপন। স্থলবন্দর স্থাপনের বিষয়ে ভারত সরকারের সাথে আলোচনা চলছে। ভারত সরকারের সাথে চুক্তি হলেই স্থরবন্দর স্থাপনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করবে সরকার।
মন্ত্রী মুজিবনগর পৌঁছে প্রথমে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সাথে ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিয়াজান আলী সহ আরও অনেকে।




