শ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০ বোর্ডে এবার ১১ লাখ ৪১ হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬ হাজার ২৯ এবং ছাত্রী ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন। ২ এপ্রিল বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান। এসময় শিক্ষামন্ত্রী জানান, ৩ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে শুরু হয়ে ১৬ জুনের মধ্যে শেষ হবে। এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেন ও এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সাধারণ ৮ বোর্ডের এইচএসসিতে এবার মোট শিক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১শ ৭১ জন। মাদ্রাসায় আলিম পরীক্ষায় মোট শিক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৫শ ৫৭ জন। কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শিক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৬শ ৬৯ জন।
সারাদেশে মোট দুই হাজার ৩শ ৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩শ ১টি। কেন্দ্র সংখ্যা বেড়েছে ৬৪টি। বিদেশের ৫টি কেন্দ্রে এবার ২শ ২ শিক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য শিক্ষামন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।




