শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট ছেড়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপ ভাসানী। ৩১ মার্চ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়েছে।
১৯ দলীয় জোট ছাড়ার কারণ জানতে চাইলে দলটির সভাপতি শেখ আনোয়ারুল হক বলেন, কোনো বিরোধের কারণে নয়, দলকে এককভাবে সংগঠিত করতেই ১৯ দলীয় জোটে থাকছি না। সারাদেশে থাকা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অনুসারীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমরা চেষ্টা করে দেখতে চাই, হুজুরের (ভাসানী) আদর্শের লোকজনকে নিয়ে দলটিকে এগিয়ে নেয়া যায় কি না।
সংবাদ সম্মেলনে দলের মহাসচিব হাসরাত খান ভাসানী, সিনিয়র সহসভাপতি আলতাফ হোসেন মুন্না, সহ-সভাপতি এম আক্তারুজ্জামান, আবদুল হাই সরকার, ম হ ইলিয়াস উপস্থিত ছিলেন।
২০১১ সালে ১৮ এপ্রিল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি কাজী জাফর আহমদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এই জোটের যোগ দিলে তা ১৯ দলীয় জোটে পরিণত হয়। এখন দল আবার একটি কমে গেল। বর্তমানে জোটে থাকা দলগুলো হচ্ছে- বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ লিবারেল পার্টি (এলডিপি),বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, পিপলস লীগ, লেবার পার্টি, মুসলিম লীগ, জমিয়তে উলামে ইসলাম ও ডেমোক্রেটিক লীগ (ডিএল)।




