শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে প্রতিবন্ধীদের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগামীকাল বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ এপ্রিল মঙ্গলবার এক বাণীতে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, অটিজমসহ সকল প্রকার শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধিতা মানববৈচিত্র্যেরই অংশ। ভিন্ন মানববৈচিত্র্যের এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে গত ৫ বছরে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল স্থাপন, ঢাকার মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণ, ৬৪ জেলায় ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’, ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’, ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত শিক্ষা নীতিমালা ২০০৯’ এবং ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা’ নীতিমালা ২০১১’ প্রণয়ন করেছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতি প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দিবসটি পালনের মধ্য দিয়ে অটিস্টিকসহ সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
উল্লেখ্য, গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা হোসেন ২০১২ সালে জাতিসংঘে অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ‘অটিজম আক্রান্ত শিশু ও তার পরিবারের জন্য আর্থ-সামাজিক সহায়তা’ শীর্ষক প্রস্তাব উপস্থাপন করেন। যা সাধারণ পরিষদে গৃহীত হয়।




