চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর ও আমলডাঙ্গায় বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের সন্ত্রাসী দ্বারা পোলিং এজেন্টদের ওপর হামলা, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া, কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগে আগামীকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় আধাবেলা (সকাল ৬ থেকে বেলা ২ টা পর্যন্ত) হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট। সোমবার দুপুরে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে।
চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলায় ক্ষমতাসীন দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আগে থেকেই ব্যালটবাক্স ভর্তি, কেন্দ্রে দখল, ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মালিক। প্রায় একই সময়ে আলমডাঙ্গায় সংবাদ সম্মেলন করে অভিন্ন ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল কাউনাইন টিলু ও জামায়াত সমর্থিত প্রার্থী নূর মহাম্মদ হুসাইন টিপুসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। সাংবাদিক সন্মেলনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোট ডাকাতির প্রতিবাদে আজকের এই উপজেলা নির্বাচন প্রত্যাখান করলাম। এই দুই উপজেলায় ১৯ দলীয় প্রার্থীদের ভোট বর্জনের ফলে চুয়াডাঙ্গার দুটি উপজেলাতেই শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই থাকলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন দুজনেই আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।




