ভোলা প্রতিনিধি : শনিবার রাত সাড়ে ৯টা থেকে ভোলার ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা পলী বিদ্যুৎ সমিতির জিএম সোহরাব আলী বিশ্বাস জানান, শনিবার রাত থেকে বিদ্যুৎ সমস্যার সমাধান হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। কারণ, চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাচ্ছেনা।
তিনি জানান, ৫ উপজেলার ৬৫ হাজার গ্রাহকের ১৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র ৫/৮ মেগাওয়াট।
ভোলার একমাত্র গ্যাস ভিত্তিক ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র গত ৯ মাস ধরে বিকল থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।
এরপর জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও তা চাহিদার তুলনায় খুবই কম।
বুধবার রাতে জাতীয় গ্রিডের তেতুলিয়ার তলদেশে সাবমেরিন কেবল লাইনে ত্রুটি দেখা দিলে জেলার ৫ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।




