সাতক্ষীরা প্রতিনিধি : সোমবার সাতক্ষীরার তিন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী রবিবার বেলা এগারটা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া শুরু হয়েছে।
এদিকে সাতক্ষীরার তালা, দেবহাটা ও সদর উপজেলা নির্বাচনে মোট ২৪৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করেছে প্রশাসন। সাতক্ষীরা সদর উপজেলার ১৩১টি কেন্দ্রের মধ্যে ১১১টি, তালা উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ৫৩টি ও দেবহাটা উপজেলার ৩৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহিৃত করা হয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ঝুঁকিপূর্ণসহ সাধারণ কেন্দ্রগুলোতে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিশ্বাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে ২০ জন করে ফোর্স নিয়োজিত থাকবে। ঝুকিবিহীন কেন্দ্রগুলিতে ফোর্স থাকবে ১৫ জন। এছাড়া সদরে ৪টি ভ্রাম্যমাণ আদালত, ২৪টি মোবাইল টিম ও ৪টি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবে।
এদিকে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, উপজেলার প্রতিটি কেন্দ্রে ১১ জন করে ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া ৩টি ভ্রাম্যমাণ আদালত, ২টি স্ট্রাইকিং ফোর্স ও ৫টি মোবাইল টিম কাজ করবে। এছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবে।
অপরদিকে, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, উপজেলার কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ফোর্সসহ ১২টি মোবাইল টিম, ৪টি স্ট্রাইকিং ফোর্স ও ৭টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পাশাপাশি টহল দেবে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।




