খোরশেদ আলম ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সন্ত্রাসীদের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে এক ছাত্রী। বর্তমানে ওই স্কুলছাত্রীর নিরাপত্তা জনিত কারনে তাকে বিদ্যালয়ে যেতে দিচ্ছে না তার পরিবারের লোকজন। ওই ছাত্রী উপজেলার গান্ধিগাও গ্রামের বিল্লাল হোসেনের কন্যা এবং রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ২৭ মার্চ ওই স্কুলছাত্রী বিদ্যালয় ছুটি হবার পর বাড়ী থেকে কোচিংয়ে আসার পথে একই গ্রামের নূর হোসেনের বখাটে পুত্র মাইনুল হক (২৫) তাকে টানাহেচড়া করে এবং শ্লীতাহানী ঘটায়। এ ব্যাপারে বিল্লাল হোসেন বাদী হয়ে মাইনুল হককে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত আসামী মাইনুল হক গ্রেফতার হয়নি। বরং অভিযোগ দায়ের করার পর থেকে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার জন্য নানাভাবে ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে আসছে। ফলে ওই স্কুলছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাটি জানেন এবং থানার ওসিকে ব্যবস্থা নেয়ার জন্যে জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নির্বাচনী কাজে এসেছি। ফিরে এসে ব্যবস্থা নেয়া হবে।




