
সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা, ক্ষতিপূরণ দেয়ার দাবি
রামু প্রতিনিধি : রামু উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বী কয়েকটি পরিবারের সদস্যদের মারধর ও বসত ঘর ভাংচুরের ঘটনায় রামু থানায় মামলা দায়ের হয়েছে। এনিয়ে সংবাদ সম্মেলন করেছেন, ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের নারী-পুরুষ।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় রামু প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রামুর রাজারকুল ইউনিয়নের ধরপাড়ার প্রভূ ধরের স্ত্রী বেনু বালা ধর জানান, ২৩ মার্চ নির্বাচন শেষে ভোট গননাকালে বিএনপি সমর্থিত (আনারস প্রতীক) প্রার্থীরা একটি মিছিল বের করে। মিছিলকারিরা তাদের বসত ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের প্রান নাশের হুমকী দেয়।
সংবাদ সম্মেলনে একই এলাকার ভীবিষন ধরের স্ত্রী শান্তি বালা ধর জানান, আনাসর প্রতীকের সমর্থকরা বিনাকারনে তার বসত ঘরে একাংশ ও ঘেরা বেড়া ভাংচুর করে। রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোছন জানান, একই দিন আনারস প্রতীকের সমর্থকরা তার বসত ঘরের ঘেরা বেড়া ভাংচুর করে।
সংবাদ সম্মেলনে লক্ষী কান্ত ধরের স্ত্রী ফটোরানী ধর, হরিপদ ধরের স্ত্রী অরুন বালা ধর এবং দয়াল হরি ধরের স্ত্রী জানান, বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকরা তাদের নানাভাবে হুমকী দিচ্ছে। একারনে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সাধন ধরের ছেলে লাল বাহাদুর ধর, হিন্দু ধর্মীয় নেতা অপূর্ব পাল, তপন মল্লিক, হারাধন ধর, চিত্ত ধর সোনারাম ধর উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তরা আরো জানিয়েছেন, এ ঘটনায় তারা রামু থানায় এজাহার দিয়েছেন।




