নরসিংদী প্রতিনিধি : আগামী ৩১ মার্চ নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা এখন তুঙ্গে। গ্রাম-পাড়া-মহল্লায় সর্বত্রই বিরাজ করছে নির্বাচনী আমেজ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ পথসভা এবং বাড়ি বাড়িতে উঠান বৈঠক। পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-বাড়ি হাট বাজার রাস্তাঘাট। নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করতে দিন রাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন কর্মীরা। সাথে সাথে প্রার্থীরাও কোমড় বেধে মাঠে নেমেছেন। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। নির্বাচনে আ’লীগ, বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত জেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মন্জুর এলাহী নির্বাচন করছেন। তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিত। নরসিংদী পৌর সভাসহ ১৪টি ইউনিয়নেই দলীয় নেতাকর্মীর কার্যক্রমের পাশাপাশি ব্যক্তিগত ইমেজে জয়ের সম্ভাবনা রয়েছে বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন। অপর দিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নরসিংদী পৌর সভার জনপ্রিয় প্রয়াত মেয়র মোঃ লোকমান হোসেনের স্ত্রী নুসরাত জাহান বুবলী প্রথম বারেরমত উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করলেও তার ব্যাপক দলীয় সমর্থন রয়েছে। এছাড়া তার স্বামী প্রয়াত মেয়র লোকমান হোসেন ইমেজ ও বুবলীর উপর প্রভাব ফেলবে। কারন লোকমান হোসেন ছিলেন, নরসিংদী পৌরবাসীর একজন জনপ্রিয় নেতা। ফলে তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনিও জয়ের মালা ছিনিয়ে নিতে পারেন বলে সাধারণ ভোটারগণ অভিমত ব্যক্ত করেছেন। বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সাথে আলাপ করে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এখানে আলহাজ্ব মন্জুর এলাহীর পাল্লা ভারী। আর এজন্য ৩১ মার্চ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা হলেন- আবদুল ওয়াহাব মোল্লা (ইসলামী আন্দোলন) ও মোঃ হাবিব উল্লাহ বাহার হাবিব স্বতন্ত্র। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এড: উম্মে সালমা মায়া (বিএনপি), নাজমা আক্তার (আ’লীগ) ও তৌহিদা সরকার রুনা (আ’লীগ) বিদ্রোহী। বাছাই পর্বে নাজমা আক্তারের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষনা করা হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কবির আহমেদ (বিএনপি), বাবুল সরকার (বিএনপি বিদ্রোহী), আবদুল বাতেন শাহীন (বিএনপি বিদ্রোহী), মোঃ আমিরুল ইসলাম (জামায়াত ইসলামী), মোঃ কফিল উদ্দিন (আ’লীগ), ইঞ্জিনিয়ার সোহেল ভূইয়া (আ’লীগ বিদ্রোহী), বর্তমান ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সকা (আ’লীগ বিদ্রোহী), আরাফাত রহমান ও নাসির উদ্দিন। বাছাই পর্বে ইঞ্জিনিয়ার সোহেল ভূইয়ার মনোনয়নপত্র মামলা সংক্রান্ত জটিলতার কারনে প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়। নরসিংদী সদর উপজেলার প্রার্থীরা বিজয়ের দিন ঘুনছে। নির্বাচনী এলাকায় সরেজমিন ঘুরে ও বিভিন্ন ভোটারের সঙ্গে আলাপকালে জানা গেছে, এবারের নির্বাচনে দলীয় সমর্থনের পাশাপাশি ব্যক্তিগত ইমেজ, আঞ্চলিকতা, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং এলাকার উন্নয়নে যিনি কাজ করতে সক্ষম বলে মনে করবেন সেই প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।




