আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্তুজা খানসহ অপর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুস্তুম সেরনিয়াবাত। বরিশাল জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচন আপিল অফিসারের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্তুজা খানের প্রার্থীতা বাতিলের আবেদন করে ২ মার্চ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২।
প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী রুস্তুম সেরনিয়াবাত অভিযোগে বলেন, গোলাম মোর্তুজা খান হলফনামায় শিক্ষাগত যোগ্যতা বিএ পাশ উল্লেখ করলেও মনোনয়নপত্রের সাথে সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করেননি। অপর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তিনি ঠিকাদারী ও সরবরাহকারী ব্যবসায়ী হিসেবে মনোনয়নপত্রে উল্লেখ করলেও ওই ব্যবসা সম্পর্কিত কোন কাগজপত্র হলফনামার সাথে দাখিল করেননি। এছাড়াও মনোনয়নপত্রের সাথে ২’শ টাকার স্ট্যাম্প দেয়ার বিধান থাকলেও তিনি তা দেননি বলে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। একই সাথে ওই মামলায় বিবাদী করা হয়েছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, বরিশাল এবং নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার, বরিশালকে। এবিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচন আপিল অফিসারের কার্যালয়ে আজ মঙ্গলবার বিকেল চারটায় আপিল শুনানী নিষ্পত্তিকরার জন্য বাদী ও বিবাদী বা তাদের নিযুক্ত আইনজীবিদের উপস্থিত থাকার জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
এব্যাপারে গোলাম মোর্তুজা খান সাংবাদিকদের জানান, মনোনয়নপত্রের সাথে সকল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। অভিযোগকারী রুস্তুম সেরনিয়াবাত একই বছর ১৯৮৯ সালে আমাদের ৩ ভাইর সাথে পরীক্ষা দিয়ে বিএ পাশ করেছেন। আমাকে বিভান্ত্র করার জন্যই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন পরীক্ষা দেয়াসহ পাশ করার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জেলা রিটানির্ং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গোলাম মোর্তুজা খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।




