নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাংবাদিক দম্পতি সাগর-রুনির খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের পাকা সড়কে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগান্তর ও দৈনিক করতোয়া প্রতিনিধি নবির উদ্দিন, চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েস, সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রকৃত খুনীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন যেন এদেশে আর কখনো কোন সাংবাদিক নির্যাতনের শিকার না হন। মানববন্ধনে নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা অংশ নেন।




